২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরীতে অস্ত্র-গুলিসহ নৌ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 04:52 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

রোববার বেলা ১২টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ইপিজেড থানার বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পতেঙ্গা থানার ওসি ‍আবুল মনসুর।

গ্রেপ্তাররা হলেন-মো. বেলাল উদ্দিন (৩০), মনজু (২৫), রবিউল (২০), মো. সুমন (২৮) ও মো. রুহুল (২০)।

বেলালের নোয়াখালী জেলার হাতিয়া, মনজুর ভোলা, রবিউলের বাগেরহাটের মংলা, সুমনের কক্সবাজার জেলার চকরিয়া ও রুহুলের গ্রামের বাড়ি নওগাঁ জেলার আত্রাই এলাকায়। তবে পাঁচ জনেরই বর্তমান ঠিকানা ইপিজেড থানার বেড়িবাঁধ এলাকা।

গ্রেপ্তারদের কাছ থেকে দুটি এলজি, আটটি রকেট ফ্লেয়ার, তিন রাউন্ড বন্দুকের গুলি, চারটি বড় ছোরা, একটি ডুবুরির পোশাক ও হেক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। 

ওসি ‍আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বেলাল ও মনজুকে দুটি এলজি, রকেট ফ্লেয়ার ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

“পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে দলের অন্য তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। বেলাল এই দলের নেতা।

“তারা নৌযানে ডাকাতি করে মাছ ও জাল ছিনিয়ে নিত।”

তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আবুল মনসুর।