২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে বিশুদ্ধ খাবার পানি পাঠাচ্ছে বাংলাদেশ

মালদ্বীপের রাজধানী মালেতে জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিশুদ্ধ খাবার পানি পাঠাচ্ছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 12:24 AM

Updated : 25 Apr 2022, 05:04 PM

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশুদ্ধ পানির মারাত্মক সংকট দেখা দেওয়ায় মালের প্রায় লক্ষাধিক মানুষের চাহিদা মেটাতে ১০০ টন বিশুদ্ধ পানি এবং সঙ্গে পাঁচটি লবণাক্ততা পরিশোধনযন্ত্র পাঠানো হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পানি ও লবণাক্ততা পরিশোধন যন্ত্র পৌঁছে দেবে।

বৃহস্পতিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপপুঞ্জ রাষ্ট্রটির ঘনবসতিপূর্ণ রাজধানীর প্রধান পানি শোধনাগার অগ্নিকাণ্ডে বিকল হয়ে পড়লে সুপেয় পানির মারাত্মক সংকট দেখা দেয়।

বিভিন্ন স্থানে গণঅসন্তোষের মধ্যে শনিবার জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন।

সরকারের বিবৃতিতে বলা হয়, ভারত ও শ্রীলংকা বিমান থেকে পানির বোতল ফেলা শুরু করেছে। চীন ও যুক্তরাষ্ট্র দ্রুত সহায়তা নিয়ে এগিয়ে আসছে। সরবরাহ বাড়াতে পানি শোধন সুবিধাসম্বলিত জাহাজও পাঠিয়েছে ভারত।

সরকারি কর্মকর্তারা জানান, শোধনাগার মেরামত করে পানি সরবরাহ স্বাভাবিক করতে পাঁচ দিন লাগতে পারে। পানি সংকটে মালের অনেক হোটেল-রেস্তোরাঁ বন্ধ রয়েছে। অনেক রাজধানীবাসী পানির জন্য পার্শ্ববর্তী দ্বীপে যাচ্ছেন।

তবে পানি সংকটের কারণে দেশটির পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়নি। আইনি বাধ্যবাধকতা থাকায় রাজধানীর বাইরে অন্যান্য দ্বীপে অবস্থিত পর্যটনকেন্দ্রগুলোতে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ও পানি শোধন ব্যবস্থা রয়েছে।

মালদ্বীপে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা অপ্রতুল। দেশটির ভূ-গর্ভস্থ পানি খাওয়া-ধোয়ার কাজে ব্যবহার করা যায় না। বাসিন্দাদের সাগরের শোধিত পানির ওপর নির্ভর করতে হয়।