২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে পৃথক দুটি অভিযানে মোট দুই হাজার ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 08:43 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

শনিবার দুপুরে নগরীর শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে মো. আজিজ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

আজিজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কুমিরা ঘোনা এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৌদিয়া পরিবহনের একটি বাসে কক্সবাজার থেকে নগরীর কর্নেল হাট এলাকায় যাচ্ছিলেন আজিজ। তার শরীরে তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবা পাওয়া গেছে।

“নগরীর আকবর শাহ থানার কর্নেল হাট এলাকায় মো. সালাম নামের এক কাপড় ব্যবসায়ীর জন্য ইয়াবা নিয়ে যাচ্ছিল আজিজ। সালাম ইয়াবা ব্যবসা করে। আজিজ বাহক হিসেবে কাজ করে। সালামকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় শনিবার সকালে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ কার্তিক বর্মন নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

কার্তিক বর্মন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সতীশ বর্মনের ছেলে।

কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ইয়াবা নিয়ে কার্তিক ঢাকায় যাচ্ছিল বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ।