কক্সবাজারে ‘প্রশাসনের কর্মচারীরা’ পেটালো সাংবাদিক
কক্সবাজারে সরকারি কর্মচারী আবাসন প্রকল্পে সংবাদ সংগ্রহ করতে যাওয়া তিন সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে।
শনিবার দুপুরে কলাতলীর ৫১ একর এলাকায় এ হামলায় আহতরা হলেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি শফি উল্লাহ শফি, তার সহকারী জসিম উদ্দিন ও দৈনিক সাঙ্গুর জেলা প্রতিনিধি জসীম উদ্দিন সিদ্দিকী।
তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শফি উল্লাহ শফি জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড় কেটে আবাসনের কাজ চালানো হচ্ছে ৫১ একর সরকারি কর্মচারী আবাসন প্রকল্পে।
এর ভিডিও ফুটেজ ও সংবাদ সংগ্রহকালে জেলা প্রশাসনের কর্মচারী হাশেম, নাছির, আনসার সদস্য সরওয়ার ও বেদারের নেতৃত্বে শতাধিক শ্রমিক সাংবাদিকদের উপর হামলা চালায়।
এতে তিনিসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
তিনি এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু জানান, কক্সবাজারের বহুল আলোচিত এ ৫১ একর এলাকায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে পাহাড় কাটা ও স্থাপনা নির্মাণ।
এর খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা ঘটনা ঘটেছে।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার আহমদ জানান, তিনি খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন। আহত সাংবাদিকদের সঙ্গে আলাপ করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে
এ ব্যাপারে কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলে গিয়ে দোষীদের খুঁজে বের করে ভ্রাম্যমাণ আদালতে বিচার করার নির্দেশ দিয়েছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে একটি প্রতিবেদন দিতেও বলেছেন তিনি।
এছাড়া সাংবাদিকদের সঙ্গে আলোচনা করারও নির্দেশ দেন এ দুই কর্মকর্তাকে।
