খুলনায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার সুন্দরবনে
খুলনার দাকোপ উপজেলা থেকে অপহৃত এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে এক সপ্তাহ পর সুন্দরবনে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের তালতলা ঘেরার খাল এলাকা থেকে শুক্রবার রাতে মো. জুনায়েদ হাসান শুভ্রকে (৩০) উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে খুলনা জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সাংবাদিকদের সামনে ডিআইজি এস এম মনিরুজ্জামান ও ব্যবসায়ী শুভ্র ঘটনার বিবরণ দেন।
শুভ্র দাকোপের সুতারখালী গ্রামের ‘সুন্দরবন শ্রিম্পস প্রাইভেট লিমিটেড’ নামে একটি চিংড়ি ঘেরের মালিক।
ডিআইজি এস এম মনিরুজ্জামান জানান, অপহরণকারীদের মোবাইল ফোন ট্র্যাকিং করে শুভ্রর অবস্থান নিশ্চিত করলেও একাধিকবার অপহরণকারীরা টের পেয়ে স্থান বদল করে পালিয়েছে।
অবশেষে শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা ও বাগেরহাট জেলা পুলিশ এবং কোস্ট গার্ডের সহয়াতায় কয়রা এলাকার সুন্দরবনের তালতলা ঘেরার খালে অভিযান চালানো হয়।
“এক পর্যায়ে অপহরণকারী বনদস্যুরা শুভ্রকে হাত ও চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।”
এ সময় উপস্থিত ব্যবসায়ী শুভ্র বলেন, ২৮ নভেম্বর রাত ৩টার দিকে ৭/৮ জন অস্ত্রধারী বনদস্যু তার চিংড়ি ঘেরে গিয়ে কর্মচারীদের মারধর করতে থাকে।
তাদের চিৎকার শুনে দরজা খুলে বাইরে আসামাত্র বনদস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে টেনেহিঁচড়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে সুন্দরবনের ভেতর নিয়ে যায়।
পরদিন সকালে শুভ্রর চাচা ব্যবসায়ী তরিকুল ইসলাম জহিরের কাছে নগদ এক কোটি টাকা এবং প্রতিটি ১ ভরি ওজনের করে ১২টি স্বর্ণের চেইন যোগাড় রাখতে বলে।
ওই সময় তারা হুমকি দিয়ে বলে, এ ঘটনা পুলিশকে জানালে শুভ্রকে হত্যা করা হবে। বিষয়টি তরিকুল ইসলাম জহির এবং শুভ্রর শ্বশুর অধ্যাপক আব্দুস সালাম রেঞ্জ ডিআইজিকে জানান।
অপহরণকারীরা প্রায় প্রতিদিন মোবাইল ফোনে মুক্তিপণ দেয়ার জন্য তাগিদ দিতে থাকে।
শুক্রবার বনদস্যুরা শুভ্রর স্ত্রীর কাছে ১৫ বার ফোন করে বলে তিনি জানান।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি-১ খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি-২ দিদার হোসেন, খুলনার এসপি মো. হাবিবুর রহমান, শুভ্রর স্ত্রী তমা, তাদের শিশু সন্তান, চাচা তরিকুল ইসলাম জহির ও শ্বশুর আব্দুস সালাম।
