২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওআইসির তথ্যমন্ত্রীদের সম্মেলন শেষে ফিরছেন ইনু

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের দশম সম্মেলন শেষে শনিবার সকালে দেশে ফিরছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 10:45 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেন বাংলাদেশের বাম আন্দোলনের শীর্ষ পর্যায়ের এই নেতা।

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ইরানের মজলিশে সুরার স্পিকার আলী লারিজানী, ইরানের সংস্কৃতি ও ইসলামী বিধান বিষয়ক মন্ত্রী আলী জান্নাতী এবং ওআইসি মহাসচিব আযাদ আমীন মাদানীর সঙ্গে বৈঠক করেছেন তিনি।

সম্মেলনে মুসলিম দেশগুলোতে ইসলামের নামে সংঘটিত বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওআইসির সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এর আগে গত সেপ্টেম্বরে মহাজোট সরকারের শরিক আরেক বামপন্থি দল ওয়ার্কার্স পার্টির প্রধান বিমানমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে হজে গিয়ে আলোচনায় এসেছিলেন ইনু।

দুই বাম নেতার হজ পালন নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সরস আলোচনা হয়। 

শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রীয় টেলিভিশন, বেতার ও সংবাদ সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও চলচ্চিত্র আদান-প্রদানের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন তথ্যমন্ত্রী।

গত ১ ডিসেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এ সম্মেলনে সংস্থার সদস্য ৫৭টি দেশ এবং ১৩টি পর্যবেক্ষক দেশ ও সংস্থা অংশগ্রহণ করে। বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসির সদস্য পদ লাভ করে।

সম্মেলনে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর-রশীদ এবং ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার আব্দুস সাত্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পুরনো খবর:

‘আলহাজ কমরেড!’