কুমিল্লায় শ্রমিককে মারধর: ১০ রুটে বাস বন্ধ
শ্রমিক নেতাদের উপর হামলার বিচার দাবিতে কুমিল্লা শহরের জাঙ্গালিয়া বাস টার্মিনালের শ্রমিকরা কর্মবিরতি ও টার্মিনাল সংলগ্ন সড়কে অবরোধ করছে।
এতে ওই টার্মিনাল থেকে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, চট্টগ্রামসহ দক্ষিণ পূর্বাঞ্চলের ১০টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল থেকে এ কর্মসূচির কারণে ওইসব রুটে চলাচলকারী যাত্রী ও নগরীর দক্ষিণাংশের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
বৃহস্পতিবার বিকালে নগরীর পদুয়ার বাজারে সরকারী দল সমর্থক পরিচয়ে কয়েকজন যুবক বাস শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কয়েকজন শ্রমিককে মারধর করা হয়।
বিষয়টি জানতে কুমিল্লা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোতাহের হোসেন ঘটনাস্থলে গেলে তাদেরও মারধর করা হয়।
শ্রমিক নেতাদের দাবি, চাঁদাবাজরা সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পালের সামনে তাদের দুইজনকে মারধর করেছে।
কুমিল্লা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার মহানগরীর পদুয়ার বাজারে চাঁদাবাজরা সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পালের উপস্থিতিতে কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মোতাহের হোসেনের উপর হামলা করে।
“আমরা হামলাকারীদের গ্রেপ্তার ও ওসি প্রশান্ত পালের প্রত্যাহার দাবি করছি।”
শুক্রবারের মধ্যে দাবি আদায় না হলে শনিবার জেলাজুড়ে কর্মবিরতি করা হবে বলে জানান তিনি।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যকরী সভাপতি কবির আহমেদ জানান, “শ্রমিক নেতাদের মারধর এবং বাস ভাংচুরের কারণে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়েছে। কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ শাহজাহান আলোচনার জন্য আমাদের ডেকেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় আমরা তার সঙ্গে আলোচনায় বসব।”
এ ব্যাপারে এএসপি শেখ শাহজাহান বলেন, “রাতে এবিষয়ে আলোচনার জন্য মালিক ও শ্রমিক নেতাদের ডাকা হয়েছে। এরমধ্যে কর্মবিরতি ও সড়ক অবরোধের কোনো যৌক্তিক কারণ দেখছি না।”
ওসির প্রত্যাহারের দাবির বিষয়ে তিনি বলেন, ওসি দোষী কিনা তা তদন্ত করে দেখতে হবে।
