শার্শায় ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে আহত ২
যশোরের শার্শায় সালিশে বাকবিতণ্ডার জেরে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবলীগ নেতা জখম হয়েছেন।
শার্শা থানার ওসি শহিদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শার্শার নাভরণ কামারবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
শার্শা সদর ইউনিয়ন যুবলীগের সদস্য তুজাম আলী (৪০) ও আহসান কবিরকে (২৭) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামে তাদের বাড়ি।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগ কর্মী তুজাম ও কবির গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শার্শার ওসি জানান, এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
