২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পথচারী পারাপার: অভিযান নিয়ে জনমনে প্রশ্ন

নিয়ম মানার ‘যথাযথ ব্যবস্থা’ না রেখেই ‘নিয়ম ভেঙে রাস্তা পারাপার’ ঠেকাতে রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানের ধরন নিয়ে নানা প্রশ্ন এসেছে জনমনে।   

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 12:27 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

ফুট ওভারব্রিজগুলো পারাপারের উপযোগী কি-না ‘তা নিশ্চিত না করেই’ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পথচারীদের জেল-জরিমানা করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য লিখেছেন।

পুলিশ যেভাবে কাজটি করেছে, তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন একজন নগর পরিকল্পনাবিদও।

রাজধানীতে পথচারী পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কথা স্বীকার করেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এবার কেবল একটি নির্দিষ্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। যেখানে বৈধভাবে পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই সেখানে অভিযান চলেনি।

পথচারী পারাপারে শৃঙ্খলা আনতে গত ২৫ নভেম্বর রাজধানীর ফার্মগেইট থেকে শাহবাগ পর্যন্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় এই অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশ।

এক সপ্তাহ ধরে চলা অভিযানে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারকারী ৮ হাজার জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং মোট এক লাখ সাত হাজার ১৭০ টাকা জরিমানা করা হয়।

ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী রাজধানীতে মোট ফুট ওভারব্রিজ রয়েছে ৬১টি। এর মধ্যে ৩০টি দক্ষিণ সিটি কর্পোরেশনে, বাকিগুলো উত্তরে।  

আর একটি করে আন্ডারপাস রয়েছে গুলিস্তান, কারওয়ান বাজার ও গাবতলীতে। এর মধ্যে গাবতলীর আন্ডারপাস দীর্ঘদিন ধরে বন্ধ।

এক সময় রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং থাকলেও সেগুলোর বেশিরভাগই অস্তিত্ব হারিয়েছে। ফুট ওভারব্রিজে উঠতে হলে অনেক সময় বেশ খানিকটা পথ হাঁটতে হয় বলে অনেকে সেগুলো এড়িয়ে চলেন। তবে ছিনতাইকারী, মাদকসেবী আর নোংরা অবস্থার কথা জানিয়ে অধিকাংশ পথচারীই বলেছেন, সন্ধ্যার পরে ফুট ওভারব্রিজে উঠতে তারা নিরাপদ বা স্বস্তি বোধ করেন না।

বাংলামোটর এলাকায় ফাহমিদুর হোসেন নামে এক পথচারী বলেন, “অনেকগুলো ওভারব্রিজতো হকারদের দখলে।অনেকে ফুট ওভারব্রিজে উঠতে নিরাপত্তার অভাব বোধ করেন। এগুলো যদি সব সময় চলাচলের উপযোগী রাখা যায়, তাহলে মানুষ অবশ্যই উঠবে।”

শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালের মধ্যবর্তী ওভারব্রিজের বেশিরভাগ জায়গা দখল করে রেখেছে হকাররা। দুটি গুরুত্বপূর্ণ হাসপাতালের রোগীদের পারাপারের জন্য এতে কোনো বিশেষ ব্যবস্থা নেই।

হকারদের কারণে ফার্মগেইটের ওভারব্রিজটির অবস্থা এতটাই করুণ যে, এতে উঠতে গেলে রীতিমত যুদ্ধ করতে হয়। স্টিলের তৈরি ওভারব্রিজের কোনো কোনোটির পাটাতন ভেঙে, নাট-বোল্ট খুলে অবস্থা অত্যন্ত নাজুক।

শাহিনুর রহমান নামের এক পথচারী জানান, ওভারব্রিজগুলোর উচ্চতা বেশি হওয়ায় রোগী বা বয়স্কদের পক্ষে ব্যবহার করা কঠিন।

“ওভারব্রিজগুলো মানুষ চলাচলের উপযোগী করে তারপরই অভিযান চালানো উচিৎ।”

মারুফ বরকত নামে একজন সম্প্রতি তার ফেইসবুক পাতায় একটি ছবি প্রকাশ করেছেন, যাতে অভিযান চলার সময় রাজধানীর বাংলা মোটর এলাকায় লাইনে দাঁড়িয়ে বহু মানুষকে ফুট ওভারব্রিজে উঠতে দেখা যায়।

ছবির সঙ্গে তিনি লিখেছেন, “এই ছবি কি আপনার বিবমিষা জাগায় না? গাড়ির গতি মাত্র ৩০ সেকেন্ড বন্ধ রাখলে বাংলামোটরে এর ২০-৩০ গুণ লোক পার হতে পারে। কল্পনা করতে পারেন, সামান্য ৩০ গজ রাস্তা পার হতে এদের কত সময় লাগবে?  গাড়িযাত্রীর সময়ের খুব দাম, কিন্তু এই পথচারীদের সময়ের কোনও দাম নাই?”

ঢাকার ফুট ওভারব্রিজগুলো দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের হলেও এর ব্যবস্থাপনা নিয়ে কথা বলার মতো কাউকে পাওয়া যায়নি।

সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানালেন, এগুলো একেকটি একেকটি প্রকল্পের অংশ। কিছু নিজস্ব তহবিলের মাধ্যমে তৈরি।

মানুষকে ওভারব্রিজ ব্যবহার করতে বলার আগে এগুলোকে ‘ইউজার ফ্রেন্ডলি’ করে তোলা বেশি জরুরি বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক হাসিব মুহাম্মদ আহসান।

তিনি বলেন, “যেহেতু ঢাকায় দ্বীতল বাস চলাচল করে, এ কারণে ওভারব্রিজের উচ্চতা একটু বেশি এবং এগুলো ইউজার ফ্রেন্ডলি না। ফলে বেশিরভাগ মানুষই এগুলো ব্যবহারে নিরূৎসাহিত হন। আর মূলত নিরাপত্তা সমস্যার কারণে মানুষ আন্ডারপাস ব্যবহারে ভয় পায়। বিশেষ করে যদি এগুলো ফাঁকা থাকে তাহলে শিশু এবং নারীদের জন্য নিরাপত্তার ঝুঁকি থাকে।”

প্রয়োজনীয় স্থানে পর্যাপ্ত ফুট ওভারব্রিজ, আন্ডারপাস নির্মাণ এবং এসবের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে মানুষ অবশ্যই তা ব্যবহার করবে বলে মনে করেন হাসিব।

এসব ব্যবস্থা ছাড়াই পুলিশের অভিযান পরিচালনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “প্রথমত ঢাকায় যে পরিমাণে মানুষ রাস্তায় চলাচল করে সে তুলনায় ওভারব্রিজ অনেক কম। তাই আগে থেকে ব্যবস্থা না করে অভিযান চালানো কমপ্লিটলি রিডিকুলাস।

“আগে ফুটপাত পরিষ্কার করুন। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে কতগুলো অভিযান চালানো হয়েছে? কতগুলো জরিমানা হয়েছে? তার হিসাবও জানতে চাই। যারা গাড়ি চালাচ্ছেন- তাদের কি কোনোভাবে সচেতন করা হয়েছে?”

ঢাকা মহানগর পুলিশের ডিসি ট্রাফিক (দক্ষিণ) খান মো. রেজোয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা শহরে রাস্তা পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা সিটি কর্পোরেশনকে পর্যাপ্ত ফুট ওভারব্রিজ নির্মাণ ও জেব্রা ক্রসিং করে দিতে চিঠি দিয়েছি।”

আগে থেকে ব্যবস্থা না করে পথচারীদের জরিমানা করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “আমাদের অভিযান চলেছে শাহবাগ থেকে ফার্মগেইট পর্যন্ত সড়কে। এ সড়কে কিন্তু পর্যাপ্ত ওভারব্রিজ রয়েছে। যেসব এলাকায় পর্যাপ্ত ব্রিজ নেই সেখানে অভিযান হবে না।”

আর ওভারব্রিজগুলো যেহেতু বৃদ্ধ, অসুস্থ ও প্রতিবন্ধীদের জন্য সুবিধাজনক নয়, সেহেতু তারা ট্রাফিক পুলিশের সহযোগিতা নিতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

রাস্তা পারপারে সচেনতা বাড়াতে আগামী ২০ থেকে ২৭ ডিসেম্বর ঢাকায় কর্মসূচি চালানো হবে বলে জানান তিনি।