মাগুরায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস চালক নিহত
মাগুরা সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন।
নিহত নূর ইসলাম ঢাকার সাভার এলাকার জাভেদ আলীর ছেলে।
মাগুরা মহাসড়ক পুলিশের এসআই ওজিয়ার রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জাগলা এলাকায় মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা হয়।
এসআই ওজিয়ার জানান, সকালে জাগলা বাজারের কাছে যশোর থেকে ঢাকামুখী ওই মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নূর ইসলাম নিহত হন।
গুরুতর আহত চারজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পালিয়ে যাওয়ার পথে যশোর পুলিশ ট্রাকটি আটক করেছে বলে মাগুরা মহাসড়ক পুলিশের এসআই ওজিয়ার জানান।
