২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্র ঠেকিয়ে লাখ টাকা ছিনতাই

বরিশালের বাকেরগঞ্জে গ্রামীণ ব্যাংকের এক কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 05:12 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বরিশালের পুলিশ সুপার একেএম এহসান উল্ল্যাহ জানান, বাকেরগঞ্জের রঙ্গশ্রী বোয়ালিয়া শাখার এক মাঠকর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে। দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনতাই করেছে।

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

গ্রামীণ ব্যাংকের বোয়ালিয়া শাখার ব্যবস্থাপক আমিনুজ্জামান উজ্জ্বল বলেন, মাঠকর্মী পাপড়ি বিশ্বাস বাহাদুরপুর এলাকার ৭৪ ও ৭৭ নম্বর কেন্দ্র থেকে কিস্তির টাকা তুলে বোয়ালিয়া অফিসে ফিরছিলেন। পথে নন্দপাড়া গাজীবাড়ির সামনে ৫/৬ জন দুর্বৃত্ত তার সঙ্গে থাকা এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানান আমিনুজ্জামান।