২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি চুরির পর খোলস পাল্টে অনলাইনে বিজ্ঞাপন

রাজধানী থেকে চুরি হওয়া দুটি প্রাইভেটকারসহ ‘গাড়ি চোর চক্রের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 03:36 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

পুলিশ বলছে, এই চক্রটি গাড়ি চুরি করে তা আবার বিক্রের জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়ে আসছিল।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার রাতে হাতিরপুল থেকে দুই জনকে এবং চার দিন আগে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- ইকবাল হোসেন, মো. জাবেদ, মুশরেকিন আহমেদ রাব্বি, আলী হোসেন ও মো. মহসিন।

গত ১ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা, ইস্টার্ন প্লাজা এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া গাড়ির জাল কাগজ ও রেজিস্ট্রেশন সনদসহ হাতিরপুল থেকে গ্রেপ্তার করা হয় হোসেন ও মহসিনকে।  

“তারা গাড়ি চুরি করে চেসিস নম্বর ও কাগজপত্র বদলে, রং পরিবর্তন করে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে তা বিক্রি করত।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষ্ণপদ রায় বলেন, “এরা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গাড়ি বিক্রি করে। তবে কোন কোন গাড়ি এভাবে বিক্রি করেছে তা এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদে জানা যাবে।”

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, “গাড়ি চুরির পর তারা চেসিস নম্বর বদলে ফেলত। তাছাড়া দামি গাড়ি রাখার জন্য বিভিন্ন অ্যাপার্টমেন্টে গ্যারেজ ভাড়া নিত বলেও তথ্য পাওয়া গেছে।”

অনলাইনে যে কোনো পণ্য কেনার সময় কাগজপত্র যাচাই বাছাই করে নেওয়ার পরামর্শ দেন সংবাদ সম্মেলনে উপস্থিত পুলিশ কর্মকর্তারা।