২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সিআইডি কনস্টেবল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) এক কনস্টেবলকে ৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 11:19 AM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বুধবার রাত সোয়া ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে গ্রেপ্তার মো. সোলেমান মিয়া (৩৫) বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সোলেমান ঢাকায় সিআইডি সদর দপ্তরে কর্মরত ছিলেন বলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের পরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সোলেমান মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি বিক্রি করার জন্য মাদক বহন করছিলেন।”

নজরুল জানান, গ্রেপ্তারের সময় সোলেমান নিজেকে সিআইডির কনস্টেবল হিসাবে পরিচয় দেন। তবে তার সঙ্গে পরিচয়পত্র ছিল না।

আটক সোলেমানকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে ওসি মো. আলাউদ্দিন জানান।

এর আগে গত মাসে ৯০০ ইয়াবা ট্যাবলেট পাওয়ার পর নারায়ণগঞ্জ বন্দর থানার এক উপপরিদর্শকসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।