২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষোড়শ সংশোধন: আইন প্রণয়নে আরও সময় চান আইনমন্ত্রী

বিচারপতিদের অসামর্থ্য ও অসদাচরণ তদন্ত এবং প্রমাণের পদ্ধতি সংক্রান্ত আইন সংবিধান সংশোধনের তিন মাসের মধ্যে প্রণয়নের কথা বলে এলেও আইনমন্ত্রী আনিসুল হক এখন বলছেন, এ জন্য আরও সময় লাগবে।

মঈনুল হক চৌধুরী

ও সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 12:13 AM

Updated : 22 Aug 2022, 08:01 PM

এদিকে আইনটি প্রণয়ন না হলে সংবিধানের ষোড়শ সংশোধনী কার্যকর হবে না বলে মত জানিয়েছেন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সুরঞ্জিত সেনগুপ্ত।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত বিল পাস হয় গত ১৭ সেপ্টেম্বর।

এর আগে গত অগাস্টে সংবিধান সংশোধন মন্ত্রিসভার অনুমোদনের পর আইনমন্ত্রী বলেছিলেন, বিল পাস হলে তিন মাসের মধ্যেই আইন করা হবে।

কোন পদ্ধতিতে একজন বিচারককে অপসারণ করা যাবে তার বিশদ ব্যাখ্যা ওই আইনে থাকবে বলে জানিয়েছিলেন তিনি।

পাস হওয়া বিলে বলা ছিল, কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে।

গত ৩০ নভেম্বর দশম সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়েছে এবং পরবর্তী অধিবেশন জানুয়ারি মাসের শেষ নাগাদ বসার কথা।

Image
আনিসুল হক

আনিসুল হক

চতুর্থ অধিবেশন শেষ হওয়ার পর আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আগামী অধিবেশনে তিনি এ সংক্রান্ত আইন সংসদে উত্থাপন করতে পারবেন বলে আশা করছেন।

“জানুয়ারির সময় আমার মনে হয় আমি ওটা সংসদে তুলতে পারব।”

সংবিধান সংশোধন বিল পাসের প্রক্রিয়ার সময় স্বতন্ত্র কয়েকজন সংসদ সদস্য এ আইনের বিষয়ে আলোচনা তুলেছিলেন। তখনও আইন মন্ত্রী তিন মাসের মধ্যে আইন প্রণয়নের কথা বলেছিলেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই আইনটি না হলে ষোড়শ সংশোধনী কার্যকর হবে না।

Image
সুরঞ্জিত সেনগুপ্ত

সুরঞ্জিত সেনগুপ্ত

“এবার যে অ্যামেন্ডমেন্টটি করা হল সেটা আমব্রেলা অ্যামেন্ডমেন্ট। আমব্রেলা অ্যামেন্ডমেন্ট কার্যকর করতে হলে ল’ ইনেক্ট করতে হবে।”

সংসদের বাইরে বিরোধী দল বিএনপিসহ আইনজীবীদের একাংশের বিরোধিতার মধ্যে সংবিধানের ষোড়শ সংশোধনী সংসদে পাস হয়।

১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় উচ্চ আদালতের বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ ও তাদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল।

১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়।

চতুর্থ সংশোধন বাতিল হলে জিয়াউর রহমানের সামরিক সরকারের আমলে এক সামরিক আদেশে বিচারপতিদের অভিশংসনের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়।

ষোড়শ সংশোধনের মধ্য দিয়ে তা পুনরায় সংসদের হাতে ফেরত গেল।

পুরনো খবর:

বিচারপতি অপসারণের ক্ষমতা পেল সংসদ
ষোড়শ সংশোধন বিল পাস ২১০ মিনিটে
ন্যায়বিচার থাকবে না: বিএনপি