২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায়বিচার থাকবে না: বিএনপি

বিচারপতিদের অপসারণ করার ক্ষমতা উচ্চ আদালতের কাছ থেকে সংসদের কাছে ফিরিয়ে দেয়া হলে দেশে ন্যায়বিচার থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 08:05 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান সংসদে জনগণের প্রতিনিধি নেই। ১৫৪ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বাকিরা শতকরা ৫ ভাগ ভোটও পায়নি।

“এরকম একটি সংসদের কাছে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেয়া হলে এটি হবে একটি বিশেষ দলের সিদ্ধান্ত।  এতে দেশে ন্যায় বিচার থাকবে না। ’’

বিচারপতিদের অভিশংসন ক্ষমতা বাহাত্তরের সংবিধানের মতো সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনীর বিল রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিলটি সংসদের চলতি অধিবেশনেই পাস করে আইনে পরিণত করা হবে বলে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ইংগিত দেয়া হয়েছে।

ফখরুল বলেন, “আমরা বলতে চাই, এরকম বিল আমরা সমর্থন করতে পারি না। জনগণও এই বিল সমর্থন করবে না।’’

Image
ফাইল ছবি

ফাইল ছবি

১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় এর ৯৬ অনুচ্ছেদে উচ্চ আদালতের বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ ও তাদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে রাখা হয়।

১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর (বাকশাল গঠন) মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়।

চতুর্থ সংশোধনী বাতিল হলে জিয়াউর রহমানের সামরিক সরকারের আমলে এক সামরিক আদেশে বিচারপতিদের অভিশংসনের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়। এখন পর্যন্ত তা-ই বলবৎ রয়েছে।

২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সময়ে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার আলোচনা উঠলেও সে সময় তা করা হয়নি।

শাহবাগের গণগ্রন্থাগার ঔপন্যাসিক শওকত ওসমান মিলনায়তনে ‘আমরা ক’জন’ নামের একটি সংগঠনের আয়োজিত এ অনুষ্ঠানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের প্রার্থিতা প্রত্যাহার নিয়েও সরকারের সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, “জাপান নতুন বাণিজ্যিক এলাকা গড়ে তুলে বিনিয়োগ করবে- জাপানের প্রধানমন্ত্রীর এ প্রতিশ্রুতির বিনিময়ে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। অথচ ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথম সদস্য পদ লাভ করেছিল।”

ফখরুলের ভাষায়, ‘এখানেই’ বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য।

“আমাদের যোগ্যতা ও কর্মনিষ্ঠার মধ্য দিয়ে উঠে আসতে হবে। জাপান আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা আশা করব, জাপান উন্নয়নসহযোগী রাষ্ট্র হিসেবে তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে।”

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে ‘আমরা ক’জন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “তোমাদের পূর্বসূরীরা মুক্তিযুদ্ধ করে এই স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এখন তোমাদের জ্ঞানার্জন করে প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে টিকে থাকতে হবে।”

সংগঠনের চেয়ারম্যান আবদুস সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে ফুটবলার আমীনুল হক, প্রকৌশলী মুহাম্মদ মাসুদ, আমরা ক’জনের কেন্দ্রীয় নেতা শেখ মো. রবিউল আলম, শফিকুল ইসলাম রাসেল আলোচনা সভায় বক্তব্য দেন।”