২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিকে আড়াই হাজার ‘ব্রেইল বই’ উপহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আড়াই হাজার ‘ব্রেইল বই’  উপহার দিয়েছেন এক শিক্ষার্থী, যিনি নিজেও দৃষ্টি প্রতিবন্ধিত্বের শিকার।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 08:17 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

বুধবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ‘ডিজেবল্ড স্টুডেন্ট সোসাইটি অফ চিটাগাং ইউনিভার্সিটি’ (ডিসকু)  আয়োজিত একটি অনুষ্ঠানে এসব বই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক এস এম আবু তাহেরের হাতে তুলে দেয়া হয়।

বই উপহার দেয়া তোহফাতুর রাব্বি পিয়াল বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পিয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘দি লাইব্রেরি অফ কংগ্রেস’-এর কাছ থেকে এই বইগুলো তিনি পেয়েছেন।

এইসব বইয়ের আনুমানিক বাজার দাম ৪০ লাখ টাকা বলেও দাবি করেন তিনি।

পিয়াল বলেন, “প্রায় এক বছর আগে আমেরিকার এই লাইব্রেরির সাথে যোগাযোগ করি। আমাদের ‘ব্রেইল বই’য়ের স্বল্পতার কথা তাদের জানানোর পর তারা আমার কাছে ১৫ ধাপে বইগুলো পাঠান।”

বইগুলোর মধ্যে বিভিন্ন ধরনের উপন্যাস, ছোট গল্প, চিকিৎসা বিজ্ঞান, ভ্রমণ কাহিনী, কবিতা ও সমাজ বিজ্ঞানের বই আছে বলে জানান তিনি।

চবির গ্রন্থাগারিক আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে ব্রেইল বই ছিল প্রায় ৫০০।

এর সাথে নতুন করে আরও আড়াই হাজার বই যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা লাভবান হবে বলেও আশা গ্রন্থাগারিক তাহেরের।

চবি গ্রন্থাগার মিলনায়তনে ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপাচার্য  অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, উপ-উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

ডিসকু সভাপতি সোলায়মান বাদশাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাট্যকলা বিভাগের সভাপতি ড. কুন্তল বড়–য়া, সমাজতত্ত্¦  বিভাগের অধ্যাপক এসএম মনিরুল হাসান, নৃবিজ্ঞান  বিভাগের প্রভাষক মোশরেকা অদিতি হক। 

অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে  দেয়া ভাতা ২০০ টাকা থেকে বাড়ানোরও দাবি জানানো হয়।