২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্কার্স পার্টির নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ স্বজনদের

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলুর বিরুদ্ধে বিদেশে পাঠানোর নাম করে অর্থ হাতিয়ে নেওয়া এবং তা ফেরত চাইলে নির্যাতনের অভিযোগ করেছেন তার স্বজনরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 02:41 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বুধবার দুপুরে জয়পুরহাট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। এ সময় বাবলুর বাবা আব্দুল বারী সরদার এবং মা আমেনা খাতুনও ছিলেন।

বাবা-মার অভিযোগ, তাদের ছেলে বিদেশ পাঠানো ও চাকরি দেওয়ার নাম করে আত্মীয়-স্বজনদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।

বাবলুর বাবা আব্দুল বারী সাংবাদিকদের বলেন, বাবলু আত্মীয়-স্বজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিলেও কাউকে বিদেশ পাঠায়নি বা চাকরিও দিতে পরেনি, এমনকি টাকাও ফেরত দেয়নি।

“প্রতারণা করে নেওয়া টাকাগুলো ফেরত দিতে বললে বাবলু তার ছোট ভাই ও তার স্ত্রী, ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যসহ মা-বাবাকেও বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। এছাড়া প্রভাবশালী নেতা হওয়ার কারণে পুলিশ দিয়েও হয়রানি করছেন।”

এ সময় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বাবলুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ধরেন আত্মীয়-স্বজনরা। এর প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে আনোয়ারুল হক বাবলুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাবলুর ভাইয়ের স্ত্রী রুবি বেগম, ভগ্নিপতি এস এম রেজাউল ইসলাম, মকবুল হোসেন ও আনোয়ার হোসেনসহ অন্য কয়েকজন আত্মীয় উপস্থিত ছিলেন।