চট্টগ্রামে বিশ্ব এইডস দিবস পালিত
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস।
সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে আন্দরকিল্লায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
এর উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) অধীর রঞ্জন দাশ।
তিনি বলেন, “ইতিমধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে এইডস প্রতিরোধের কার্যক্রম শুরু হয়েছে। তবে এক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজন।”
চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মো রফিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো সরফরাজ খান চৌধুরী ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. সাইফুল্লাহ খান।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা ইপসা’র টিম লিডার খালেদা বেগম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার।
