২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির নতুন বছরের ভাষণের খসড়ায় অনুমোদন

দশম জাতীয় সংসদের ২০১৫ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 08:01 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “খসড়ার বিষয়ে মন্ত্রিসভা কিছু পর্যবেক্ষণ দিয়েছে। পর্যবেক্ষণের আলোকে খসড়াটি চূড়ান্ত করা হবে।

“সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রতি বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিয়ে থাকেন।”

মন্ত্রিপরিষদ সচিব জানান, এই ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি, সামষ্টিক অর্থনীতি, আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও সাফল্য তুলে ধরা হবে।

“এছাড়া ‘ভিশন, ২০২১’ বাস্তবায়নে বিভিন্ন খাতে নেওয়া কর্মসূচির রূপরেখা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নকল্পে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন, দেশি ও বিদেশি কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির প্রসারের সংক্ষিপ্ত বর্ণনা থাকবে রাষ্ট্রপতির ভাষণে।

“ভাষণে যুদ্ধাপরাধীদের বিচারের অগ্রগতি, বৈদেশিক সম্পর্কোন্নয়নে সাফল্য, প্রশাসনিক নীতি, কৌশল ও অগ্রযাত্রার দিক নির্দেশনাও থাকবে।”

‘ভাষণের ইংরেজি অনুবাদও করা হবে’ জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, “রাষ্ট্রপতির অনুমোদনের আগে ভাষণের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু বলা ঠিক হবে না।”

কাইয়ুম চৌধুরী ও জগলুল আহমেদের মৃত্যুতে শোক

বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী এবং প্রবীণ সাংবাদিক ও কলামনিস্ট জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে মন্ত্রিসভা।

রোববার রাতে আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ পড়ে যান কাইয়ুম চৌধুরী। সঙ্গে-সঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার আগের রাতে (শনিবার) কারওয়ানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান জগলুল আহমেদ চৌধূরী।