এএসআই’র বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্ট থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে যাকে তার স্বামীই হত্যা করেছে বলে স্বজনরা অভিযোগ করেছেন।
রোববার দুপুরে লাশ উদ্ধার হওয়া নাজমা বেগম (৩৫) গত বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন বলে কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানিয়েছেন।
ওসি জামাল উদ্দিন মীর বলেন, “ঝিলমিল প্রজেক্টের ভেতর নাজমার মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে পেটে ছুরি মেরে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।”
নাজমার বেয়াই বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত নাজমার গ্রামের বাড়ি মাদারীপুর সদরে আর তার স্বামী মিজানের বাড়ি শরীয়তপুরে।
তিনি বলেন, “নাজমার সঙ্গে মিজানের তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ লেগেই ছিল। বিরোধ এমন পর্যায়ে গিয়েছিলো যে পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের বিষয়টি মীমাংসা করতে হতো।”
নাজমা ও মিজান উভয়েরই দ্বিতীয় বিয়ে ছিল জানিয়ে বাবু বলেন, “দুইজনের মধ্যে বিরোধ মিটমাট করে ছয় মাস ধরে নাজমা তার স্বামীর বাড়ি শরীয়তপুরে বসবাস শুরু করেন। গত বুধবার বাড্ডায় মিজানের এক সাবেক সহকর্মীর বাসায় উঠেন নাজমা ও মিজান।
“মিজান একদিন পর সাভারে চলে গেলেও নাজমা বাড্ডার ওই বাসাতেই ছিলেন। শনিবার দুপুরে মিজান নাজমাকে নিয়ে কেনাকাটা করবে বলে গুলিস্তান আসতে বলে এবং সেও (মিজান) সাভার থেকে রওয়ানা দেয়ার কথা বলে।”
বাবু বলেন, “কিন্তু বিকাল ৩টার পর থেকে নাজমার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর নাজমাকে না পেয়ে বাড্ডায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বিকালে মিজান নাজমার বড় বোন স্নেহাকে ফোনে তার মৃত্যুর খবর দেন।”
তিনি অভিযোগ করে বলেন, “মিজানই নাজমাকে খুন করেছে।”
ওসি জামাল উদ্দিন মীর বলেন, “মিজানের সংসারে নানা ঝামেলা ছিল। তাকে থানায় এসব ঝামেলার বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
স্বজনদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “স্বজনরা স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিলে আমরা অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নিব। তবে এখন মিজানকে আটক বলা যাবে। তাকে আমরা বিষয়টি জিজ্ঞাসা করছি।”
মিজান ও নাজমা দম্পতির কোন সন্তান ছিল না।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
