২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার আহ্বান টিআইবি’র

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিল ও অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায্যতার দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 11:22 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সামনে  ‘কপ-২০ বৈশ্বিক জলবায়ু সম্মেলন ২০১৪’ উপলক্ষে টিআইবি এসব সহ মোট আটটি দাবি নিয়ে একটি মানববন্ধন করে।

আগামী ১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পেরুর রাজধানী লিমাতে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ কাঠামো সনদ (ইউএনএফসিসি)-এর ২০তম সম্মেলন ‘কপ-২০’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১৯৫টি দেশের সরকার প্রতিনিধি, বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিবেন। সম্মেলনে ২০১৫ সালের প্যারিস চুক্তির রূপরেখার প্রধান প্রস্তাবগুলো ওই সম্মেলনে আলোচিত হবে এবং খসড়াও প্রণীত হবে।

ওই সম্মেলনকে সামনে রেখে মানববন্ধন শেষে এক সমাবেশে টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “বিশ্বের জলবায়ু পরিবর্তনের যে তহবিল ও অর্থায়ন তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন অর্থায়নের স্বচ্ছতা, জবাবদিহিতা ।

“টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কর্মপরিকল্পনা প্রণয়ন সেইসঙ্গে তহবিলে সুষম বন্টনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার জনগোষ্ঠিসহ সুশীল সমাজের সক্রিয় অংশ্রগ্রহণ।”

তিনি বলেন, “একদিকে আমরা অর্থ সংগ্রহ করবো। অন্যদিকে নদী বনাঞ্চল দখল করবো সেটি কখনো হতে পারে না। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যে অর্থ তহবিল গঠন করা হয় তার যথাযথ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

 ‘বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখতে ‘কপ-২০’ সম্মেলনে সুপষ্ট অঙ্গীকারের পাশাপাশি কোপেনহেগেন চুক্তির আওতায় অ্যানেক্স-১ ভুক্ত উন্নত দেশগুলোকে ‘সবুজ জলবায়ু তহবিল’ থেকে নতুন  এবং অতিরিক্ত  অর্থ দেয়ার প্রতিশ্রুতির দাবিও করে টিআইবি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “সুষ্ঠু সুন্দর নিরাপদভাবে বেঁচে থাকার জন্য জলবায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। প্রকৃতিতে কোন আঘাত পরলে সে আঘাত প্রকৃতি আমাদেরকেই ফিরিয়ে দেয়।

“তাই এসব ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে। এর সঠিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে হবে।”