২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে মঙ্গলবার তিনদিনের সফরে কুয়ালালামপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 10:52 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর। এক বছর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সফরের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সফরে যাচ্ছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গত বছরের নভেম্বরে ঢাকা সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাজাক গাজীপুরে প্রধানমন্ত্রীর মায়ের নামে নির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশিয়ালাইজড হাসপাতাল এবং নার্সিং কলেজের উদ্বোধন করেন।

শেখ হাসিনার এই সফরে মালয়েশিয়ার সঙ্গে মানবসম্পদ রপ্তানি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর হতে যাচ্ছে, যার ফলে দেশটির সারাওয়াক প্রদেশে ১২ হাজার বাংলাদেশি কাজের সুযোগ পাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরে দুইদেশের কূটনীতিক এবং সাধারণ ভিসা সহজীকরণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরে মালয়েশিয়ার সঙ্গে পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী।

নাজিব রাজাকের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী এই সফরে একটি আলোচনায় অংশ নেবেন যেখানে মালয়েশিয়ার শীর্ষ বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের পরই মালয়েশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ বাংলাদেশ। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যে মালয়েশিয়া এগিয়ে আছে অনেকদূর।    

২০২০ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা মালয়েশিয়ার সঙ্গে বছরে ২০০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্য করে বাংলাদেশ।

এরমধ্যে দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ সাড়ে ১৩ কোটি ডলার মাত্র। যার পুরোটাই তৈরি পোশাক শিল্পজাত পণ্য।  এর বিপরীতে বাংলাদেশ মালয়েশিয়া থেকে পাম তেল এবং প্রাণীজাত পণ্য আমদানি করে।

বাংলাদেশি শ্রমিকদের বৈদেশিক কর্মসংস্থানের একটি বড় জায়গা মালয়েশিয়া। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “আমাদের লক্ষ্য থাকবে বর্তমান সম্পর্কের পরিধি আরও বাড়ানোর বিষয়ে।”

বাংলাদেশ সরকারের উদ্যোগে মালয়েশিয়ায় উদ্যান তৈরির জন্য বর্তমানে শ্রমিক পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর এবারের সফরে সেবা ও নির্মাণ খাতে শ্রমিক পাঠানোর ব্যাপারে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশে মালয়েশিয়ার ১০৩টি কোম্পানি বর্তমানে সেবা ও প্রকৌশল খাতে বিনিয়োগ করছে।  তাদেরকে অবকাঠামো, জ্বালানি এবং টেলিকম খাতে বিনিয়োগে উৎসাহী করে তোলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হবে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সোমবার সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর মালয়েমিয়া সফরের বিস্তারিত জানানোর কথা রয়েছে।