২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ২ শিক্ষকের শাস্তি

কয়েকটি অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাজা এবং একজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 09:13 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক জানান, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দণ্ডিত দুজন হলেন সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ মন্ডল ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মামুন হোসেন।

এছাড়া কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আব্দুল মাজেদ চৌধুরী।

অধ্যাপক এন্তাজুল হক জানান, সঙ্গীত বিভাগের শিক্ষক ড. অসিত রায় একই বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ মণ্ডলের নামে গবেষণাকর্ম জালিয়াতির একটি অভিযোগ করলে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে তদন্ত কমিটি।

সুপারিশ অনুযায়ী শিক্ষক কৃষ্ণপদ মণ্ডল শুধু বিভাগের ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষা সংক্রান্ত কোনো প্রক্রিয়ায় অংশগ্রহণ বা কোনো প্রশাসনিক দায়িত্ব নিতে পারবেন না। কোনো গবেষণায় তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতে পারবেন না।

তার পদোন্নতিও স্থগিত করা হয়েছে।

রেজিস্ট্রার আরও জানান, পরীক্ষার খাতা হারানোর অভিযোগে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মামুন হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় পৃথক একটি তদন্ত কমিটিও গঠন করা হয় বলে তিনি জানান।

এছাড়া চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক আব্দুল মাজেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

সঙ্গীত বিভাগের শিক্ষক ড. অসিত রায় বলেন, “সম্প্রতি  কৃষ্ণপদ মণ্ডল ‘বাংলার রাজসঙ্গীত-দ্বিতীয় খণ্ড’ নামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি বই বের করেছেন, যেখানে বেশকিছু জায়গায় আমার পিএইচডি গবেষণাপত্র থেকে লেখা হুবহু তুলে দিয়েছেন তিনি, কিন্তু তিনি আমার কোনো অনুমতি নেননি বা রেফারেন্স দেননি। এ কারণেই আমি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করি।”

এ ব্যাপারে শাস্তিপ্রাপ্ত শিক্ষক ড. কৃষ্ণপদ মণ্ডল বলেন, “আমি শাস্তির বিষয়ে কিছু জানি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যা ভালো মনে করেছে তা করেছে।”

প্রভাষক মামুন হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শিক্ষক আব্দুল মাজেদ চৌধুরী বলেন, “এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা হবে।”