হানিফের আত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ভাগ্নি জামাই পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ।
আব্দুল হান্নান মন্ডল (৫০) নামের এই ব্যক্তিকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের লাঙ্গলমুড়া গ্রামের প্রয়াত আব্দুল জুব্বারের ছেলে।
শনিবার তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এদিকে মাহবুবুল আলম হানিফ আটক এ ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার এস এম এমরান হোসেন।
রোববার সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপারকে ফোনে মাহবুবুল আলম হানিফ এ কথা বলেন।
এসপি এমরান হোসেন জানান, সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য আব্দুল হান্নান মন্ডল কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফের ভাগ্নি জামাই পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল কবীর জানান, প্রতারক আব্দুল হান্নানকে আটকের পর শাহজাদপুর উপজেলা সদরের তাঁত ব্যবসায়ী মোকতার হোসেন বাদী হয়ে মামলা করেছেন।
শনিবার করা এ মামলায় তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৪২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়।
এছাড়াও রায়গঞ্জ, সলঙ্গা ও ঢাকার অন্তত ১০/১২ জন তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
“প্রতারণার আশ্রয় নিয়ে তিনি প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জেনেছি। এ প্রতারককে আটক ও কারাগারে পাঠানোর সংবাদে ভুক্তভোগীরা মিষ্টি বিতরণ করেছেন বলেও শুনেছি।”
তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশও তদন্ত করবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
সম্প্রতি গাজী ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার একাংশ) উপ-নির্বাচনে দলের পক্ষে এই ব্যক্তি (আব্দুল হান্নান মন্ডল) মনোনয়নও চেয়েছিলেন।
