২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাসব্যাপী বিজয়মেলা শুরু কাল

একাত্তরের ঘাতকদের নির্মূল করার প্রত্যয় নিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 05:59 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

সোমবার থেকে মেলা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হবে আগামী ১০ ডিসেম্বর।

ওইদিন এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন মোড়ে বিজয় শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে এই মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিষদের চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরী।

সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা পরিষদের প্রথম মহাসচিব আহমেদুর রহমান সিদ্দিকী।  

২৬ তম বর্ষে উপনীত চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ বিজয়মেলা নগরীর আউটার স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে।

আগামী ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন বিজয়মেলা মঞ্চে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও উদ্দীপনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এছাড়া পরিষদের পক্ষ থেকে শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার বাংলাদেশকে তার লক্ষ্যের সঠিক ঠিকানায় পৌঁছে দিয়েছে। এ যাত্রাকে ধরে রাখার প্রত্যয়ে একাত্তরের ঘাতকদের নির্মূলের প্রত্যয় ঘোষণা করছি।

এতে বলা হয়, যুদ্ধাপরাধীদের একাত্তরে মানবতাবিরোধী অপকর্মের বিচার ও শাস্তি হচ্ছে। যুদ্ধাপরাধীদের রক্ষায় নাশকতা হচ্ছে। এর বিরুদ্ধে দুর্জয় প্রতিরোধ মুক্তিযুদ্ধের বিজয়মেলা।

মেলা কমিটির চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বিজয়মেলা সফর করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দ্বিতীয় মহাসচিব মো. ইউনূস, কো চেয়ারম্যান বদিউল আলম, মোজাফ্ফর আহমেদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন।