২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক জগলুলের মৃত্যু: ৫ সদস্যের তদন্ত কমিটি

সড়ক দুর্ঘটনায় প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর মৃত্যুর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 04:21 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

বিআরটিএ পরিচালক (প্রশাসন) মশিউর রহমানকে প্রধান করে গঠিক এই কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার মানিক মিয়া এভিনিউয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক জগলুল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী।

কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ডিএমপি ট্রাফিক বিভাগের (পশ্চিম) উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ নাহমাদুল হাসান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান।

একটি টিভি টকশোতে অংশ নিতে যাওয়ার পথে শনিবার রাতে কারওয়ান বাজারে দুর্ঘটনায় পড়েন সাংবাদিক ও কলামনিস্ট জগলুল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইমরুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জগলুল আহমেদ কারওয়ান বাজারে একটি বাস থেকে নামার সময় পড়ে যান। আঘাতে তার নাক ও কানের পাশ দিয়ে রক্ত বের হচ্ছিল।

“প্রথমে পান্থপথ মোড়ের মোহনা ক্লিনিক এবং সেখান থেকে কমফোর্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

প্রায় চার দশক সাংবাদিকতা জীবনে সর্বশেষ ফিনান্সিয়াল এক্সপ্রেসের উপদেষ্টা সম্পাদক ছিলেন জগলুল আহমেদ। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

জগলুল আহমেদ থাকতেন ঢাকায় বনানীতে। তিনি দুই সন্তানের জনক।

ছেলে নাবিদ আহমেদ চৌধুরী জানান, তার বাবার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

মেয়ে অন্তরা আহমেদ চৌধুরী দেশে ফিরলে জগলুল আহমেদের দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

জগলুল আহমেদের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াম গ্রামে। তার বাবা নাসিরউদ্দিন চৌধুরী যুক্তফ্রন্ট সরকারের আইনমন্ত্রী ছিলেন।

জগলুল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেন। নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও তিনি কাজ করেছেন।

জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন জগলুল আহমেদ। ১৯৮৮-৮৯ সালে অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ছিলেন তিনি।

পুরনো খবর:

সাংবাদিক জগলুল আহমেদের দাফন সোমবার