২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক জগলুল আহমেদের দাফন সোমবার

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীকে সোমবার সমাহিত করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 12:22 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ে সোমবার সকালে ঢাকায় ফিরবেন বলে তারা আশা করছেন। এর পরই দাফন অনুষ্ঠিত হবে।

শনিবার রাত ৮টার দিকে কারওয়ানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

প্রয়াতের ছেলে নাবিদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বাদ জোহর বনানী জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

জগলুল আহমেদের লাশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

ঢাকায় বনানীতে থাকতেন জগলুল আহমেদ। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এদিকে ঘাতক গাড়িটি এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশের রমনা ডিভিশনের উপ-কমিশনার আবদুল বাতেন জানান, সাংবাদিক জগলুল আহমেদ যে গাড়িতে দুর্ঘটনার শিকার হন সেটি এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে এ ঘটনায় কলাবাগান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তিনি আরও জানান, জগলুলের আহমেদের পরিবার ময়নাতদন্ত না করার আহ্বান জানিয়েছে।

জগলুল আহমেদের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াম গ্রামে। তার বাবা নাসিরউদ্দিন চৌধুরী যুক্তফ্রন্ট সরকারের আইনমন্ত্রী ছিলেন।

জগলুল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেন। নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের উপদেষ্টা সম্পাদক হিসেবে।

জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন জগলুল আহমেদ। ১৯৮৮-৮৯ সালে অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ছিলেন তিনি।

পুরনো খবর:

দুর্ঘটনায় সাংবাদিক জগলুল আহমেদের মৃত্যু