২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাকে ‘হুমকি ও লাঞ্ছনা’, বরখাস্ত ৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালককে হত্যার হুমকি ও চার প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগে শ্রমিক লীগ সমর্থিত এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতিসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 04:06 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

এরা হলেন এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের মেইনটেনেন্স মেকানিক মোজাম্মেল হক, ক্রেন অপারেটর ও যুগ্ম সাধারণ সম্পাদক মহরম আলী এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম জানান, চাকরি বিধির ৪০(১) ধারা মোতাবেক রোববার সকালে ৩ জনকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।

নুরুল আলম জানান, গত ২৩ নভেম্বর বিভিন্ন দাবি নিয়ে উদ্ভূত পরিস্থিতির জেরে তাকে (নূরুল আলম) হত্যার হুমকি দেওয়া হয় এবং কেন্দ্রের প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমার সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম ইয়াকুব, নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন ও মো. রোকন মিয়াকে লাঞ্ছিত করা হয়।

এ অভিযোগে গত সোমাবর মোজাম্মেল হক, নজরুল ইসলাম, ও মহরম আলীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।  

আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, মামলার আসামিরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।