ঝালকাঠীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
ঝালকাঠীর রাজাপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন।
রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান বলেন, রোববার সকাল ১০টার দিকে উপজেলার মিলবাড়ি এলাকায় রাজাপুর-ভাণ্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা হয়।
স্থানীয়দের উদ্ধৃত করে ওসি মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে রাস্তা পারাপারের সময় ওই বৃদ্ধাকে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ফারজানা জানান, দুর্ঘটনায় আঘাত পেয়ে মস্তিষ্কের রক্তক্ষরণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
