২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে হাজী দানেশে শীতকালীন ছুটি

তিন ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও উপাচার্যের অপসারণের দাবিতে চলমান ছাত্র ধর্মঘটের মধ্যেই হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 08:13 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন খান জানান, ৩০ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের রোববার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলমান ছাত্র ধর্মঘটের কারণে শিক্ষার্থীদের ৮০ ভাগই অনেক আগে হল ছেড়ে চলে গেছে। এর ফলে ক্লাস ও পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছেনা।

“তাই নাশকতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই শীতকালীন ছুটি ঘোষণা করেছে।”

ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে এবং ৩০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাসে মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ে ওই কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ সভাপতি ইফতেখারুল ইসলাম বিকালে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, কর্তৃপক্ষ অন্যায়ভাবে আগে শীতকালীন ছুটি ঘোষণা করেছে। নিয়ম অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই ছুটি দেওয়ার কথা।

এ সময় বিশ্ববিদ্যালয় খোলার পর থেকেই আবার আন্দোলন শুরু হবে বলে জানান এ ছাত্রনেতা।

গত ৪ নভেম্বর ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করে। পরে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে মোট তিনজনকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে।

এরপর থেকেই ছাত্রলীগ তিন ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও উপাচার্যের অপসারন দাবি করে ধর্মঘটের ডাক দেয়।