‘ঢাবিতে নারী শিক্ষার্থী বাড়ছে’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর হার ক্রমেই বাড়ছে জানিয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, একদিন বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর অর্ধেকই হবে নারী।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, “১৯২১ সালে প্রতিষ্ঠার সময় ৮৭৭জন শিক্ষার্থীর মধ্যে নারী ছিল একজন। আজ আমাদের নারী শিক্ষার্থীর সংখ্যা ৪৫ শতাংশ।
“নারী শিক্ষার্থীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এছাড়া এসএসসি-ইন্টারমিডিয়েটে নারী শিক্ষার্থীরাই সফল হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারী শিক্ষার্থী বাড়ার এটাও একটা পূর্বলক্ষণ। একটা সময়ে এই হার ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে।”
নারীর অগ্রগতিতে বেগম রোকেয়ার অবদানের কথা তুলে ধরে উপাচার্য বলেন, “রোকেয়া যে সমাজ অগ্রগতির স্বপ্ন দেখেছিলেন, সেটাই আমরা বাস্তবায়ন করে চলছি। এর পুরোভাগে রয়েছেন রোকেয়ার নামে প্রতিষ্ঠিত এই হলের শিক্ষার্থীরা।”
‘একবিংশ শতাব্দী নারীদের শতাব্দী’ মন্তব্য করে আরেফিন সিদ্দিক বলেন, “সমাজ অগ্রগতি আমরা কাঙ্ক্ষিতভাবে করতে পারিনি। কারণ ৫০ শতাংশ নারীকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়।”
পঞ্চাশের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের প্রসঙ্গ তুলে ধরে এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, তাদের সময়ে বিশ্ববিদ্যালয়ে ১০ শতাংশ নারী শিক্ষার্থী ছিল।
সকালে জাতীয় সঙ্গীত গেয়ে, জাতীয় পতাকা উত্তোলন আর বেলুন উড়িয়ে সূচিত হয় দিনব্যাপী আয়োজনের।
সারাদিনই প্রিয় বন্ধুর সঙ্গে গল্পে গল্পে সময় কাটানোর পাশাপাশি বয়সের ব্যবধান ছাড়িয়ে মিলনায়তনে নাচে-গানে উৎসবমুখর সময় কাটান বিভিন্ন দশকের শিক্ষার্থীরা।
