চাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে আইনজীবীকে মারধরের মামলা
এক আইনজীবীকে মারধরের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল হোসেন মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে আগামী ২৮ জানুয়ারি শুনানির পরবর্তী দিন রাখেন।
ওসি জসীমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২৬ নভেম্বর বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মিসেস কবিতা খানম ও পিপি মো. জোবদুল হকের পরামর্শে একটি মানবপাচার মামলা দায়ের করার জন্য সদর মডেল থানায় যান আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্য রইশ উদ্দিন।
“ওসির সঙ্গে দেখা করার পর তিনি মামলা দায়েরের জন্য মুন্সীর কাছে যেতে বলেন। এর কিছুক্ষণ পর ওসি জসীম উদ্দিন ওই কক্ষে রইশ উদ্দিনকে গালিগালাজ করেন এবং চড়থাপ্পর মেরে হাজতে আটকে রাখেন। পরে তাকে মুচলেকা নিয়ে থানা থেকে ছাড়া হয়।”
এর আগে আইনজীবী লাঞ্ছিতের প্রতিবাদে এবং ওসির শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে আদালত চত্বরে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জেলা আইনজীবী সমিতি।
সমাবেশে বক্তারা ওসি জসিম উদ্দীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে মারধরের ঘটনা অস্বীকার করে ওসি জসীম বলেন, সকালে সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের থানায় আসার কথা ছিল। তাই পুলিশ ওই ব্যক্তিকে চিনতে না পেরে তাকে সরে যেতে বলে।
“এ নিয়ে তিনি তর্কে জড়িয়ে পড়লে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে এমপির উপস্থিতিতে তাকে ছেড়ে দেওয়া হয়।”
