২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু হত্যায় একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ছয় বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 07:57 PM

বুধবার চট্টগ্রামের নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিনোদ বিহারী চৌধুরী বাঁশখালী উপজেলার বাণীগ্রামের মৃত হরিরঞ্জন চৌধুরীর ছেলে।

২০০৫ সালে এ হত্যাকাণ্ডের পর জামিনে মু্ক্ত হয়ে পলাতক ছিলেন তিনি।

পরে তার মৃত্যু হয়েছে বলে শুনলেও এ বিষয়ে পুলিশি প্রতিবেদন পাওয়া যায়নি বলে ট্রাইব্যুনালের পিপি জেসমিন আক্তার জানিয়েছেন।

রায় ঘোষণার পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পলাতক থাকা অবস্থায় বিনোদ চট্টগ্রাম শহরে মারা গেছেন বলে আমরা শুনেছি। তবে কোনো পুলিশ প্রতিবেদন পাওয়া যায়নি। পুলিশকে এ বিষয়ে খোঁজ নিতে বলবো।”

মামলায় ১৪ জনের সাক্ষ্য শেষে বিচারক এ রায় দিয়েছেন বলে জানান পিপি জেসমিন।

মামলায় বলা হয়, ২০০৫ সালের ১৫ জানুয়ারি পূর্ব শত্রুতার জের ধরে বিনোদ বিহারী একই গ্রামের সমীর কান্তি দের ছয় বছরের ছেলে রাজেশ দেকে চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের একটি পাহাড়ে নিয়ে হত্যা করে।

পরে শিশুটির লাশ বস্তায় ভরে একটি পুকুরে ফেলে দেয়।

ঘটনার দুইদিন পরে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা হয়।

২০০৫ সালের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিলের পর ওই বছর ১১ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।