মেঘনায় লঞ্চ থেকে পড়ে কলেজছাত্রী নিখোঁজ
ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার পথে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে থেকে নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন এক কলেজছাত্রী।
নিখোঁজ মুনা (১৮) ঢাকা ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তিনি মানিকগঞ্জের আইনজীবী আমিনুর রশিদের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, ওই মেয়েটি নিজেই নদীতে ঝাঁপ দিয়েছে। তবে ওই ছাত্রীর সঙ্গী কারও খোঁজ পাওয়া যায়নি।
চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ মনির হোসেন জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকে এমভি সোনারী তরী ষাটনল এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
লঞ্চযাত্রীদের বরাত দিয়ে মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীতে ঝাঁপ দেয়ার আগে মুনার সঙ্গে থাকা একটি ডায়েরি থেকে তার পরিচয় জানা গেছে।
লঞ্চযাত্রী অভিজিত রায় বলেন, বিকেল সাড়ে ৫টায় ঢাকা থেকে এমভি সোনার তরী চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। ষাটনল অতিক্রম করার মুনা নদীতে ঝাঁপ দেন।
এ সময় লঞ্চ থামিয়ে এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েও তার কোন হদিস পাওয়া যায়নি বলে জানান অভিজিত।
নৌ-পুলিশ কর্মকর্তা মনির জানান, “মুনার সন্ধানের জন্য নদীতে অভিযান চালানো হচ্ছে।”
