২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দেড়মাস পর গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৭

কুমিল্লা নগরীতে ব্যবসায়িক বিরোধের জের ধরে এক গরু ব্যবসায়ীকে হত্যার দেড়মাস পর পরিত্যক্ত ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। 

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2014, 09:54 PM

Updated : 22 Aug 2022, 07:55 PM

শনিবার বিকালে নগরীর ঢুলিপাড়া এলাকার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে নিহত গরু ব্যবসায়ী তোতা মিয়ার (১৮) লাশ ইট বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহত তোতা সদর উপজেলার শরীফপুর গ্রামের মনা মিয়ার ছেলে।

সদর উপজেলার গোয়েন্দা পুলিশের ওসি মনিরুল ইসলাম জানান, গত ৩ অক্টোবর দুপুরে তোতা মিয়াকে মহানগরীর ঢুলিপাড়া এলাকার মাংস ব্যবসায়ী আজাদ বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনও মামলাও করেনি।

তবে কুমিল্লা ডিবি পুলিশ নিজ উদ্যোগে এ ঘটনার অনুসন্ধানে মাঠে নামে।

তিনি বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে এসআই শাহ কামাল আকন্দ এবং এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গত শুক্রবার দিনে-রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকার মাংস ব্যবসায়ী জুম্মনকে আটক করে।

"পরে জুম্মনের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর ঢুলিপাড়া এলাকার আজাদ, তার দুই ছেলে রিপন ও শওকত, একই এলাকার অপু, ইমরান ও ফুল মিয়াসহ মোট সাতজনকে আটক করা হয়।"

আটকদের জিজ্ঞাসাবাদ করে তোতা মিয়াকে হত্যার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

ওসি মনিরুল বলেন, "আটক মাংস ব্যবসায়ী জুম্মন ও আজাদের কাছে তোতা মিয়া গরু বিক্রির টাকা পাওনা ছিলো। এনিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

"এর জের ধরে তোতা মিয়াকে টাকা দেওয়ার কথা বলে ডেকে এনে হত্যার পর লাশ ইট বেঁধে নগরীর ঢুলিপাড়ায় আসামি আজাদের বাড়ির পাশের ওই পরিত্যক্ত ডোবার কচুরিপানার নিচে ফেলে রাখে।"

গোয়েন্দা কর্মকর্তা মনিরুল বলেন, "বিকাল সাড়ে ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেনের উপস্থিতিতে  কচুরিপানায় ভরা ওই ডোবায় উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে নিহত তোতার শরীরের বিভিন্ন অংশ, হাড় ও মাথার খুলি উদ্ধার করে।"

তোতা মিয়াকে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতেই তার নানা মেতু মিয়া বাদি হয়ে আজাদ, জুম্মন ও অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে নগরীর কোতয়ালী মডেল থানায় মামলা করেছেন।