২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ৪৯৯টি কচ্ছপ উদ্ধার, আটক ১

মাগুরার শলিখা উপজেলায় বিরল প্রজাতির ৪৯৯টি কচ্ছপ ও ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2014, 05:47 PM

Updated : 13 Oct 2022, 12:49 PM

বৃহস্পতিবার উপজেলার সিংড়া বাজারে এ অভিযানে একটি প্রাইভেটকার ও এর চালককে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম যশোরের শার্শা উপজেলার আব্দুল মান্নানের ছেলে।

শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, মাগুরা-যশোর সড়কের সীমাখালী এলাকায় একটি রপ্রাইভেটকারের গতিরোধ করার চেষ্টা করে পুলিশ। এ সময় চালক দ্রুত গতিতে প্রাইভেটকারটি চালিয়ে পালানোর চেষ্টা করে।

পরে পুলিশ ধাওয়া করে ১৫ কিলোমিটার দূরে শালিখার সিংড়া বাজারে স্থানীয় ফাঁড়ি পুলিশের সহায়তায় কারটি আটক করা হয়। এ সময় প্রাইভেটকারে থাকা এক ব্যক্তি পালিয়ে যায়। তবে, চালক ধরা পড়ে।

ওসি বলেন, প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৯৯টি কচ্ছপ ও ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সাতক্ষীরা থেকে সংগ্রহ করা গাঁজা ও কচ্ছপগুলো ঢাকার গাজীপুরে পাচার করা হচ্ছিল বলে আটক ব্যক্তি পুলিশকে জানিয়েছে, বলেন ওসি। 

এ ব্যাপরে শালিখা থানায় মাদক ও পরিবেশ আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

মাগুরা বন বিভাগের ভারপ্রাপ্ত  কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার শ্যামল কুমার মিত্র জানান, আটক কচ্ছপগুলো বিরল প্রজাতির। স্থানীয়ভাবে ‘কাটঠা’ নামে পরিচিত এ কচ্ছপ লবণাক্ত পানিতে বসবাস করে। পাচারসহ নানা কারণে এগুলো এখন বিলুপ্তির পথে।

পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় এগুলো সংরক্ষণ জরুরি বলে তিনি মনে করেন।