২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কারাভোগ, ফিরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশের দয়ে কারাভোগ শেষে ভারত থেকে ফিরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছেন এক যুবক।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2014, 10:02 PM

Updated : 22 Aug 2022, 07:54 PM

মঙ্গলবার রাতে রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ি চেক পোস্টে বিজিবি সদস্যরা মাকসুদ আলম বাপ্পী (২৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করে।

বুধবার আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।  

পুলিশকে দেওয়া বাপ্পীর ঠিকানা হলো ঢাকার পল্লবী থানার সেকশন ১১, রোড নম্বর ১২/৭, লেন নম্বর-৭, ব্লক-বি এর ৭ নম্বর বাসা।

গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ বাপ্পীর বরাত দিয়ে বলেন, ২০১২ সালের ২২ সেপ্টেম্বর দিনাজপুরের হিলি সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়ে পশ্চিমবঙ্গে পুলিশের হাতে আটক হন বাপ্পী।

পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্রীয় কারাগারে ২৬ মাস কারাভোগ শেষে ছাড়া পান তিনি।

ওসি বলেন, মঙ্গলবার বিকালে তাকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে পুশব্যাক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি চেকপোস্টের বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যরা তাকে জঙ্গি সন্দেহে আটক করে।

ওসি আরও বলেন, ঢাকাগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে জঙ্গি সন্দেহে আটক বাপ্পীকে পরে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে বাপ্পী জানান, তার সঙ্গে আরও ১৩ জনকে পুশব্যাক করা হয়েছিল। তারা নিজ নিজ এলাকায় ফিরে গেছে। বাপ্পী বাড়ি ফিরতে গিয়ে বিজিবির হাতে গ্রেপ্তার হন।

তার সম্পর্কে পল্লবী থানায় খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

৩৭ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক মাসুদুজ্জামান খান বলেন, রাজাবাড়ি চেক পোস্টে ঢাকাগামী বাসে তল্লাশি চালানোর সময় বাপ্পীর কথায় সন্দেহ হয়। তার কথায় পশ্চিমবঙ্গের ছাপ আছে। এছাড়াও তার কথা সন্দেহজনক ছিল।