এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়
হাইকোর্টের নির্দেশ অমান্য করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলার ৩৯টি বিদ্যালয়ে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে ৪ গুণ টাকা আদায় করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ৪ থেকে ৫ হাজার টাকায় ফরম পূরণ করতে দেখা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ফরম পূরণে বেশি ফি তো নেয়া হচ্ছে, কিন্তু টাকা নিয়ে কোনো রশিদ দেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে নৈয়ারবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন বাড়ৈর বলেন, "চলতি মাসের ৫ তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভায় এসএসসির ফরম পূরণের জন্য ৩ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়। আমরা সমিতির সিদ্ধান্তের বাইরে কোনো টাকা নিচ্ছি না।"
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন কুমার দে বলেন, "বোর্ড ফি’র বাইরে স্কাউট ফি, রেড ক্রিসেন্ট ফি, যাতায়াত খরচ, বিদ্যালয় উন্নয়ন ফিসহ বিভিন্ন খরচ বাবদ আমাদের কিছু টাকা বেশি নিতে হয়।"
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্ধারিত ফি’র চেয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি অতিরিক্ত ফি আদায় করে, তার জন্য সেসকল শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ১০ নভেম্বর এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ বাবদ অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে এই অতিরিক্ত ফি আদায় করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
পাশাপাশি বাড়তি ফি আদায় বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বোর্ড চেয়ারম্যানদেরকে বলা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
