২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সদরদপ্তরে বৈঠকে এনআইএ প্রতিনিধি দল

বর্ধমানে বিস্ফোরণের ঘটনা তদন্তের দায়িত্বে থাকা ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) প্রতিনিধিরা ঢাকায় পুলিশ সদরদপ্তরে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 04:44 PM

Updated : 22 Aug 2022, 07:54 PM

মঙ্গলবার বেলা আড়াইটায় পুলিশ সদরদপ্তরে এই বৈঠকে এনআইএর চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থার মহাপরিচালক শারদ কুমার।

আর বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের ছয় সদস্যের কমিটির নেতৃত্বে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।

সোমবার ঢাকা পৌঁছানোর পর এনআইএর প্রতিনিধি দলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পরিচিতি সভায় অংশ নেয়। পরে বাংলাদেশের সেখানেই বাংলাদেশের ছয় সদস্যের কমিটির সঙ্গে বৈঠকে বর্ধমানের ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের নামের তালিকা হস্তান্তর করেন তারা। 

সেখানে কতজনের নাম রয়েছে তা না জানালেও গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বৈঠকের পর সাংবাদিকদের বলেন, “অল্প কিছু, অল্প কয়েক জনের নাম।”

এসব জঙ্গি কোন সংগঠনের সঙ্গে জড়িত, তারা বাংলাদেশি কি না- এসব বিষয়ে কোনো তথ্য দেননি এই গোয়েন্দা কর্মকর্তা।

তিনি বলেন, “এক জঙ্গির শত নাম থাকে। এ নামগুলো আমরা যাচাই বাছাই করছি। আসলে তারা কোন দেশের নাগরিক, তা তদন্ত শেষে জানা যাবে।”

বাংলাদেশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এনআইএ তাদের ১০-১৫টি মোবাইল ফোন নম্বর এবং কয়েকজনের নাম দিয়েছে। এরা ভারতে গিয়ে মাদ্রাসায় শিক্ষকতা, দোকানদারিসহ বিভিন্ন পেশায় যুক্ত হয়েছে।

“বাংলাদেশের সংস্থাগুলো তাদের চেনে কি-না, কিংবা তাদের সম্পর্কে জানে কি-না, সেটাই তারা জানতে চেয়েছেন।”

ওই সন্দেহভাজন জঙ্গিদের কয়েকজনের আত্মীয়-স্বজনের নাম পরিচয়ও পরীক্ষার জন্য এনআইএ কর্মকর্তারা দিয়েছেন বলে জানান তিনি।

এনআইএ কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেছিলেন, “ভারতের সন্দেহ, ভারত ও বাংলাদেশ- দুই দেশেই দুষ্কৃতীরা রয়েছে। এদের খুঁজে বের করা দরকার।

“তাদের এই আবেদন উড়িয়ে দেওয়ার মতো নয় বলে আমরা মনে করি।”

ভারত ও বাংলাদেশের ভূখণ্ড ‘দুষ্কৃতীদের’ ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে দুই দেশই একমত বলেও তিনি মন্তব্য করেন।

গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে বিস্ফোরণে দুজন নিহত হওয়ার পর এনআইএ তদন্তের দায়িত্ব নেয়। এরপরই ওই ঘটনায় বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততার কথা বলেন এ সংস্থার কর্মকর্তারা।

বর্ধমান বিস্ফোরণে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে এনআইএ, যার মধ্যে শেখ রহতুল্লাহ সাজিদসহ কয়েকজন বাংলাদেশিও রয়েছে বলে তাদের দাবি।

সেই সঙ্গে আন্তঃদেশীয় একটি জঙ্গি নেটওয়ার্কের তথ্য পাওয়ার কথা জানিয়ে এনআইএর গোয়েন্দারা দাবি করেছেন, বাংলাদেশের দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে হত্যার একটি ছকও কষছে জঙ্গিরা।

এর পরপরই বাংলাদেশে তদন্ত চালানোর বিষয়টি আলোচনায় আসে এবং তাদের এই সফর চূড়ান্ত করা হয়।

এনআইএর মহাপরিচালক শারদ কুমারের সঙ্গে এই প্রতিনিধি দলে আছেন সংস্থার উপ-মহাপরিদর্শক সজীব ফরিদ, আইজি (তদন্ত) সঞ্জীব কুমার সিং ও ডিআইজি (তদন্ত) অনুরাগ তানখা।

পুরনো খবর:

সন্দেহভাজনদের তালিকা দিয়েছে এনআইএ