২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাবারে চেতনানাশক মিশিয়ে গয়না-মোবাইল নিয়ে গৃহকর্মীর চম্পট

কাজ নেওয়ার তিন দিনের মাথায় খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে বাসার সবাইকে অচেতন করে সোনার গয়না ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে এক গৃহকর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 03:56 PM

Updated : 22 Aug 2022, 07:54 PM

রাজধানীর চকবাজারের ২১ নম্বর জয়নাগ রোডের ওই বাসার সাত বাসিন্দা এবং নিরাপত্তাপ্রহরীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন- আনোয়ারা বেগম, সালমা, রেশমা বেগম, ইয়াসমিন, হামিন, আনোয়ারার ভগ্নিপতি ফয়সাল, আবদুল মান্নান এবং বাসার নিরাপত্তাপ্রহরী আবদুল হালিম।

চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন দিন আগে স্বপ্না নামে এক গৃহকর্মী ওই বাসায় কাজ নেন।

ওই বাড়ির গৃহকর্তা হাজি তাজউদ্দিন সুমন প্লাস্টিকের ব্যবসা করেন। চারতলা বাড়ির বিভিন্ন তলায় তার পরিবারের ১১ সদস্য থাকেন।

“তাদের অভিযোগ, সোমবার রাতে গৃহকর্মী স্বপ্না কৌশলে ভাত-তরকারির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে সবাই সংজ্ঞা হারালে স্বপ্না বাসা থেকে একটি সোনার চেইন, দুটি বালা, দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।”

গৃহকর্তা তাজউদ্দিন রাতে বাসায় ছিলেন না। মঙ্গলবার সকালে তিনি বাসায় ফিরে দেখেন সবাই অচেতন হয়ে পড়ে আছে, ঘরের আলমারি খোলা। 

এরপর স্বপ্নাকে বাসায় না পেয়ে বিষয়টি অনুমান করে তিনি পরিবারের সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওসি বলেন, হাসপাতালে আসা সবাই আশঙ্কামুক্ত। এ ঘটনায় একটি মামলা হচ্ছে।