বরিশালে হোটেল কক্ষে ম্যানেজারের লাশ
বরিশালে একটি আবাসিক হোটেল থেকে ম্যানেজারের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
কোতোয়ালি মডেল থানার ওসি আতাউর রহমান জানান, মঙ্গলবার সকালে নগরীর বান্দরোডে ‘বোর্ডিং গ্রিন বাগ’ হোটেল থেকে ম্যানেজার মিজানুর রহমানের (৫২) লাশ উদ্ধার করা হয়।
ওই হোটেলেই ১০ নম্বর ঘরে থাকতেন মিজান। তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়।
সকালে মিজানের ঘরে তার লাশ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই ঘর থেকে আলামত সংগ্রহ করেছে জানিয়ে ওসি আতাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”
এ ঘটনায় হোটেল মালিকসহ তিন জনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
ময়নাতদন্তের জন্য মিজানের লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
