২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ দপ্তরের অতিরিক্ত জেলা প্রশাসক বদলি

চট্টগ্রামের ভূমি দপ্তরের (এলএ) দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরকে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 06:13 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এসএম শফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

গত ১৪ অক্টোবর আদালত ভবনে ৫৮ লাখ টাকা উদ্ধারের পর অভিযোগ উঠে এ টাকা এলএ শাখায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার দিন ও পরদিন এলএ শাখার ১২ কর্মচারিকে বদলি করে একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

৫৭ লাখ ৯৩ হাজার টাকাসহ গ্রেপ্তার ইলিয়াস নামে ওই যুবকের কাছ থেকে ওই টাকা গ্রহণ করার কথা ছিল জেলা প্রশাসনের এলএ শাখার সার্ভেয়ার শহীদুল ইসলাম মুরাদের।

ঘটনার দিন ও পরদিন মুরাদসহ এলএ শাখার ১২ কর্মচারীকে বদলি করা করে একটি তদন্ত কমিটি করে জেলা প্রশাসন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হোসেনকে এ তদন্ত ভার দেয়া হয় বলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ ১৫ অক্টোবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।  

আর ওই ঘটনার ৩৩দিন পর অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আব্দুল কাদেরকেও বদলি করা হল।  

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়, “আগামী ২৫ নভেম্বরের মধ্যে এসএম আব্দুল কাদের তার বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।”

জনস্বার্থে এ আদেশ জারি করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।   

টাকাসহ গ্রেপ্তার ইলিয়াসের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মানিল্ডারিং আইনে একটি মামলা করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি তদন্ত করছে। গত ১০ নভেম্বর ইলিয়াসকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে নেয়ারও অনুমতি পান দুদকের তদন্ত কমর্কর্তা।