২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রাপোলে ধর্মঘট প্রত্যাহার, আমদানি-রপ্তানি শুরু

শুল্ক স্টেশনের কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক আসা শুরু হয়েছে বেনাপোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 05:57 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার সেখানকার শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হলে বিকালে বেনাপোলে আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে।

আমদানি-রপ্তানি সংক্রান্ত কাগজপত্র নিবন্ধনে হয়রানির প্রতিবাদে রোববার দুপুর থেকে ধর্মঘটে যায় পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা সিঅ্যান্ডএফ এজেন্টরা।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল লতিফ জানান, ধর্মঘটের কারণে পেট্রাপোলে গার্মেন্ট শিল্পের কাঁচামালবাহী শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।

এর আগে পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছিলেন, পেট্রাপোল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার শশিকান্ত কুমার আমদানি-রপ্তানি সংক্রান্ত কাগজপত্র নিবন্ধনে অহেতুক হয়রানি করেন।

“নিবন্ধিত হওয়ার পরও তিনি মালামাল পরীক্ষার নামে ঘণ্টার পর ঘণ্টা কাগজপত্র আটকে রেখে হয়রানি করেন। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানোর পরও সমাধান না হওয়ায় বাণিজ্য বন্ধ করে দিয়েছিলাম।”

সোমবার বিকালে কার্তিক চক্রবর্তী জানান, হয়রানির বিষয়টি নিয়ে দুপুরে শুল্ক কর্মকর্তাদের সঙ্গে বন্দর ব্যবহারকারীদের বৈঠক হয়।

“বৈঠক ফলপ্রসু হওয়ায় আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।”

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল লতিফ জানান, পেট্রাপোলের ব্যবসায়ীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার পর আমদানি পণ্য বোঝাই ট্রাক বেনাপোলে আসতে শুরু করেছে।

তবে ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্যেও বেনাপোল বন্দরে পণ্য খালাস, শুল্কায়নের পাশাপাশি বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক পেট্রাপোলে গেছে বলে জানিয়েছেন শুল্কভবনের সহকারি কমিশনার শরফুদ্দিন আহম্মেদ।