গাজীপুরে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫, আটক ৯
গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শ্রীপুর থানার এসআই কে এম সোহেল রানা জানান, সোমবার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের এ ঘটনায় জড়িত অভিযোগে নয়জনকে আটক করা হয়েছে।
স্থানীয় জসিম উদ্দিন ও আব্দুল মালেকের সমর্থকদের মধ্যে জমি দখল করাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই সুমন (২৬), কনস্টেবল নুরুল আমীন (৫৬), আব্দুস ছাত্তার (৫৭), আব্দুল মান্নান (৫০), আব্দুল কাদের (৫২), আব্দুল বাতেন (৫৫) ও মো. সাফিন (২৬)।
এছাড়াও আহত দুই পক্ষের আটজনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান পুলিশ সদস্য সোহেল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গেলে জসিমের লোকজন পুলিশের উপরও ইট ছোড়ে। এ সময় সাত পুলিশ আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ১৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ নয় নির্মাণ শ্রমিককে আটক করেছে।
এরা হলেন-নূর হোসেন (৪৫), মাঈনুদ্দিন (২০), সুমন (২০), এমদাদুল হক (৩২), সাইফুল ইসলাম (২০), লিটন মিয়া (৪৬), আলাল উদ্দিন (৩২), পিকুল বর্মন (১৮) ও তাইজুদ্দিন (৩০)।
স্থানীয় নুরুল ইসলাম জানান, মালেক ও জসীমের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। সকালে ওই জমিতে জসীমের লোকজন মেহগনি গাছ কেটে স্থাপনা নির্মাণ করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গেলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
মালেকের অভিযোগ, জসীম লোকজন নিয়ে তার জমি দখল করতে গিয়েছিল। পুলিশ চলে যাওয়ার পর তার একটি ঘরে আগুনও দেয় তারা।
জসীম জানান, পাঁচ বছর আগে তিনি মালেকের চাচা মোসলেম উদ্দিনের কাছ থেকে ওই জমি কেনেন। তারপর থেকে মালেক ও তার সহযোগীরা জমি বেদখলের হুমকি দিয়ে আসছিলেন।
মালেকের লোকজনই আগুন ধরিয়ে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে, বলেন জসীম।
