এনআইএর প্রতিনিধি দল ঢাকায়
পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের তদন্তকারী ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা পৌঁছেছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তারা জানান,সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ভারতীয় কর্মকর্তারা ঢাকায় আসেন।
এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনআইএর মহাপরিচালক শারদ কুমার। সংস্থার উপ মহা পরিদর্শক সজীব ফরিদও প্রতিনিধি দলে রয়েছেন।
তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের গোয়েন্দাদের নিয়েও একটি দল গঠন করা হয়েছে। এই দুই দল মিলেই ‘কাজ করবে’।তবে তাদের কার্যপদ্ধতি কী হবে, তা স্পষ্ট করেননি প্রতিমন্ত্রী।
গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে বিস্ফোরণে দুজন নিহত হওয়ার পর তদন্তে নেমে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততার কথা জানায় এনআইএ।
সেই সঙ্গে আন্তঃদেশীয় একটি জঙ্গি নেটওয়ার্কের তথ্য পাওয়ার কথাও জানায় সংস্থাটি। তারা দাবি করে, বাংলাদেশের দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে হত্যার একটি ছকও কষছে জঙ্গিরা।
এর পরপরই বাংলাদেশেও তদন্ত চালানোর বিষয়টি মাথায় আনে এনআইএ। বাংলাদেশের সঙ্গে আলোচনার পর তাদের আসার বিষয়টি চূড়ান্ত হয়।
বর্ধমান বিস্ফোরণে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে এনআইএ, যার মধ্যে শেখ রহতুল্লাহ সাজিদসহ কয়েকজন বাংলাদেশিও রয়েছে বলে তাদের দাবি।
গত ৮ নভেম্বর সাজিদকে কলকাতায় গ্রেপ্তারের পর বলা হয়, ৪০ বছর বয়সী এই ব্যক্তি জেএমবির কমান্ডার। তার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের ফরাজীকান্দায়।
সাজিদ নামে কাউকে সনাক্ত করা না গেলেও মাসুম নামে এক ব্যক্তিকে চিহ্নিত করেছে বাংলাদেশের র্যাইব। ধারণা করা হচ্ছে, এই মাসুমই ভারতে গ্রেপ্তার সাজিদ। মাসুমের এক ভাইকে গত ১১ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছে।
