২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনআইএ আসছে, সঙ্গে থাকতে সমন্বিত দল

পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের তদন্তকারী ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসছে, যাদের সহযোগিতা করতে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের নিয়ে একটি দল গড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 02:48 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার ঢাকায় পা রাখার মধ্য দিয়ে সফর শুরু করা এনআইএ প্রতিনিধি দলটি কত দিন থাকবে কিংবা তাদের কার্যপদ্ধতি কী হবে, তা স্পষ্ট করতে পারেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “চার সদস্যের একটি দল বাংলাদেশে আসছে। আমরাও একটি দল গঠন করে রেখেছি। এই দুই দল মিলে কাজ করবে।”

এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনআইএর চার সদস্যের এই প্রতিনিধি দলটি ১৭ ‍ও ১৮ নভেম্বর বাংলাদেশ সফর করছে।

সংস্থার মহাপরিচালক শারদ কুমার নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি দুই দেশের নিরাপত্তার বিষয়ে ‘চলমান সহযোগিতার অংশ হিসাবে’ বাংলাদেশের ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের’ সঙ্গে বৈঠক করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে বিস্ফোরণে দুজন নিহত হওয়ার পর তদন্তে নেমে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততার কথা জানায় এনআইএ।

সেই সঙ্গে আন্তঃদেশীয় একটি জঙ্গি নেটওয়ার্কের তথ্য পাওয়ার কথাও জানায় সংস্থাটি। তারা আরো দাবি করে, বাংলাদেশের দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে হত্যার একটি ছকও কষছে জঙ্গিরা।

এর পরপরই বাংলাদেশেও তদন্ত চালানোর বিষয়টি মাথায় আনে এনআইএ। বাংলাদেশের সঙ্গে আলোচনার পর তাদের আসার বিষয়টি চূড়ান্ত হয়।

এনআইএর তদন্ত দলটি কতদিন বাংলাদেশে অবস্থান করবে- জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তা এখনও নির্দিষ্ট করা হয়নি। মাঠ পর্যায়ে কী কাজ হবে, সে বিষয়ে এখনও আলোচনা হয়নি বলেও জানান তিনি।

“জঙ্গিবাদের বিরুদ্ধে দুই দেশ কিভাবে সহযোগিতা আরো বাড়াতে পারে, সে বিষয়ও আলোচনায় আসবে,” বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

Image
বর্ধমানে বিস্ফোরণস্থলে এনআইএ সদস্যরা (ফাইল ছবি)

বর্ধমানে বিস্ফোরণস্থলে এনআইএ সদস্যরা (ফাইল ছবি)

 

পশ্চিমবঙ্গের ক্ষমতাশীল রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস জঙ্গিবাদে মদদ দিচ্ছে বলে যে অভিযোগ এসেছে, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই।

“আর এ পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আমরা জঙ্গি দমনে তৎপর।”

বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ায় ইতোমধ্যে বেশ কিছু বিদেশি নাগরিককে আটকের কথাও তুলে ধরেন তিনি।

এনআইএর সঙ্গে কাজ করতে বাংলাদেশের কারা কারা থাকছেন- জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমাদের গোয়েন্দা সংস্থার প্রধানরা আছেন। তারা বসে আলোচনা করবেন।”

পরে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনআইএর সঙ্গে কাজ করতে পুলিশ সদর দপ্তরের একজন, র‌্যাবের একজন, পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একজনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

এনআইএ প্রতিনিধি দলটি মঙ্গলবার ঢাকায় নামার পর বেলা ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবে। সেখানে তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করবে।

বৈঠকের আগে এনআইএর দলটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়। 

বর্ধমান বিস্ফোরণে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে এনআইএ, যার মধ্যে শেখ রহতুল্লাহ সাজিদসহ কয়েকজন বাংলাদেশিও রয়েছে বলে তাদের দাবি।   

গত ৮ নভেম্বর সাজিদকে কলকাতায় গ্রেপ্তারের পর বলা হয়, ৪০ বছর বয়সী এই ব্যক্তি জেএমবির কমান্ডার।তার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের ফরাজীকান্দায়।

সাজিদ নামে কাউকে সনাক্ত করা না গেলেও মাসুম নামে এক ব্যক্তিকে চিহ্নিত করেছে বাংলাদেশের র‌্যাব। ধারণা করা হচ্ছে, এই মাসুমই ভারতে গ্রেপ্তার সাজিদ। মাসুমের এক ভাইকে গত ১১ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছে।

পুরনো খবর:

মাসুমই কি সাজিদ?
কলকাতায় এনআইএ দপ্তরের কাছে বিস্ফোরণ
বর্ধমানকাণ্ড: আগামী সপ্তাহে বাংলাদেশে আসতে চাচ্ছে ভারতের গোয়েন্দারা
চার বাংলাদেশিসহ ১২ জঙ্গিকে ধরতে ভারতের পুরস্কার ঘোষণা