২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত রাজনৈতিক ব্যক্তি ও আমলাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 06:38 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

রোববার সংসদীয় কমিটির ৬ষ্ঠ বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ বিষয়ে কঠোর হতে বলেছে সংসদীয় কমিটি।

বৈঠক শেষে কমিটির সদস্য তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবৈধ কল টার্মিনেশনে বিটিআরসিকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজনৈতিক ব্যক্তি বা আমলা যার নামই এখানে জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

বৈঠকে বিটিআরসিকে আগামী সাত দিনের মধ্যে আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর (আইজিডব্লিউ) কল নিরীক্ষার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিষয়ে কমিটির সভাপতি ইমরান আহমেদ বলেন, “পাশ্বর্বতী দেশগুলোতে কিভাবে কল অডিট করা হয় সে সম্পর্কে কমিটিকে অবহিত করতে বলা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বিটিআরসি এ বিষয়ে প্রতিবেদন দেবে।”

গত ২৩ জুলাই সংসদীয় কমিটির বৈঠকে সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করতে কল নিরীক্ষার সুপারিশ করা হয়।

ওই বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০১৩-১৪ অর্থবছরে ২৮টি আইজিডব্লিউ প্রতিষ্ঠানের কাছ থেকে রাজস্ব বাবদ বিটিসিএল আদায় করেছে এক হাজার ২৩৬ কোটি ৬১ লাখ টাকা। আর বার্ষিক লাইসেন্স ফি বাবদ আদায় হয়েছে ১৩৮ কোটি ৭৫ লাখ টাকা। এসব প্রতিষ্ঠানের কাছে চলতি বছরের জুন মাস পর্যন্ত পাওনা রয়েছে ৭০০ কোটি ৬৭ লাখ টাকা।

আইজিডব্লিউর নীতিমালা অনুসারে, প্রতি মিনিট আন্তর্জাতিক টেলিফোন কল দেশে আসার সঙ্গে দেড় সেন্ট করে দেশে আসে। রাজস্ব ভাগাভাগির চুক্তি অনুযায়ী, এই দেড় সেন্টের ৫১ দশমিক ৭৫ শতাংশ সরকারকে দিতে হয়। এ ছাড়া আইজিডব্লিউ প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন নবায়ন বাবদ প্রতিবছর সাড়ে সাত কোটি টাকা দিতে হয়।

লাইসেন্স নবায়ন ও বকেয়া রাজস্ব নিয়ে বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে মামলা চলমান রয়েছে বিটিআরসির।

এদিকে বৈঠকে ২০১৫ সালের মধ্যে এক হাজার ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় তদারকির জন্য মোয়াজ্জেম হোসেন রতনকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি ইমরান আহমেদ এ বিষয়ে বলেন, “এক হাজার ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প রয়েছে। এই প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য এই উপ-কমিটি গঠন করা হচ্ছে।”

পুরনো খবর:

আইজিডব্লিউর ‘কল’ নিরীক্ষার সুপারিশ