যশোরে বিএনপির ৪৩ নেতাকর্মী কারাগারে
পুলিশের দুটি মামলায় দুই মেয়রসহ যশোর জেলা বিএনপির ৪৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
কোতোয়ালি থানার ওসি এনামুল হক জানান, গত ১ অক্টোবর শহরের প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন চলাকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
ওই ঘটনায় থানার এসআই আজগর হোসেন বাদী হয়ে পুলিশের কাজে বাধা দেওয়া এবং বিস্ফোরক আইনে মোট ১৪৩ জনকে আসামি করে পৃথক মামলা দুটি করেন। এই ৪৩ জন বাদে মামলার বাকি আসামিরা জামিনে রয়েছেন।
জেল হাজতে যারা রয়েছেন তাদের মধ্যে আছে যশোর পৌরসভার মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র ও কেশবপুর পৌর বিএনপির সভাপতি আবদুস সামাদ বিশ্বাস।
এছাড়া রয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, আবদুস সবুর মণ্ডল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা সভাপতি মোহাম্মদ নূরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজম প্রমুখ।
