অনশনে অসুস্থ ১৪ শিক্ষার্থী, শহীদ মিনার ছাড়তে নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ১৪ শিক্ষার্থী।
এদিকে অনশনরতদের শহীদ মিনার ছাড়তে আবার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন এক শিক্ষার্থী দুই শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে এলেও আগামী বার থেকে শুধু এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থী একবারই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
গত অক্টোবরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানানোর পর একদল শিক্ষার্থী প্রতিবাদ জানায়। বিক্ষোভ-মানববন্ধনের পর গত বুধবার শহীদ মিনারে অনশন শুরু করে তারা।
শনিবার চতুর্থ দিনের মতো এই শিক্ষার্থীদের অনশন চলছিল। এর মধ্যে ১৪ জন অসুস্থ হয়ে পড়ায় তাদের স্যালাইন নিতে দেখা গেছে।
এরা হলেন- ইমরান হোসেন, মাহবুব হাসান, আহমেদ সাগর, জাকির হোসেন, হাবিবুর রহমান, জুয়েল রেজা, ইমদাদুল হক, সাহরিনা আফরিন , সানজিদা ফাতেমা, ফাইজুল, আসলাম শেখ, জোবায়ের হোসেন, ফারহানা রহমান তোড়া ও ফারজানা আক্তার।
আন্দোলনরত শিক্ষার্থী আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে ২৫ জন অনশন করছেন। এর মধ্যে অসুস্থ ১৪ জনকে স্যালাইন দেওয়া হচ্ছে। অসুস্থ কয়েকজনকে তাদের অভিভাবকরা এসে নিয়ে গেছে।
অনশনরত শিক্ষার্থীরা দিনের বেলা গান, কবিতা আবৃত্তি করে, নিজেদের দাবির পক্ষে স্লোগান দিয়ে সময় কাটাচ্ছে। দিনের বেলা অনশনকে ঘিরে শতাধিক শিক্ষার্থী উপস্থিত হলেও রাতে অনশনরতদের সঙ্গে আরও কয়েকজনই থেকে যাচ্ছেন।
দুপুরে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা অনশনস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান। এছাড়াও গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক আবদুস সাত্তার, বাসদ কনভেশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শুভ্রাংশু চক্রবর্তী, কমিউনিস্ট লীগের হামিদুল হক অনশনরতদের সঙ্গে সংহতি জানান।
বিকালে সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি গোলাম কুদ্দুছও এই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তারা একটি পদযাত্রা করতে শহীদ মিনারে গিয়েছিলেন।
সন্ধ্যায় এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি বলেন, দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দাবিতে যে সব শিক্ষার্থী অনশন করছে, প্রশাসনের সিদ্ধান্ত বদল না হলে তারা হয়তবা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আর পাবেন না।
“তাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে, তাই তারা প্রতিবাদ করতে শহীদ মিনারে এসেছে। এতে তাদের মধ্যে প্রতিবাদী মনোভাব গ্রন্থিত হয়েছে। অন্যায়ে প্রতিবাদ করা ভালো, তবে নিজেদের ক্ষতি না হয় এদিকটা খেয়াল রাখতে হবে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে না জানানোয় এই শিক্ষার্থীদের ওপর ‘অবিচার’ হচ্ছে বলে মনে করেন ইমরান।
তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, “কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি করতে পারে না ।তাই তাদের দাবি মেনে নিয়ে তাদের ঘরে ফিরিয়ে দেওয়া ঠিক হবে।”
শহীদ মিনারে এই শিক্ষার্থীরা অনশন চালিয়ে গেলেও সিদ্ধান্তে অটল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অননুমোদিতভাবে মহামান্য হাই কোর্টের নির্দেশ অমান্য করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু অকৃতকার্য কিছু তরুণ কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান করছে।”
অনশনরতদের উঠে যাওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিদিনের বরাদ্দকৃত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মসূচি পালনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং স্থিতিশীল পরিবেশ বিনষ্ট হচ্ছে।”
