চট্টগ্রামে পরিবহন ধর্মঘট আহ্বান, ঠেকানোর ঘোষণা মহিউদ্দিনের
সড়ক সংস্কারসহ পাঁচ দাবিতে রোববার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য বৃহত্তর চট্টগ্রামে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
অন্যদিকে পরিবহন শ্রমিকদের এই কর্মসূচি ঠেকানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
ফেডারেশনের পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেডারেশনের অন্তর্ভুক্ত ৩৬টি শ্রমিক সংগঠন একযোগে এই ধর্মঘট ডেকেছে।
“রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট চলবে। বাস, ট্রাক, মিনিবাসসহ সব ধরনের গণপরিবহনের শ্রমিকরা এই ধর্মঘটে অংশ নেবেন।”
তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি, কক্সবাজার জেলাসহ বৃহত্তর চট্টগ্রাম ধর্মঘটের আওতায় থাকবে বলে জানান মৃণাল চৌধুরী।
গত ২৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে পাঁচ দাবি তুলে ধরে না পূরণ না হলে ধর্মঘটের হুমকি দিয়েছিল সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সংগঠনটির অন্য দাবিগুলো হচ্ছে- পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, শ্রমিকদের হয়রানি-চাঁদাবাজি-নির্যাতন বন্ধ করা, দুর্ঘটনায় শুধু চালকদের দায়ী করে শাস্তি বাড়ানোর প্রস্তাব বাতিল এবং অবৈধ গাড়ি উচ্ছেদ ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
এদিকে বিকালে পরিবহন মালিকদের কয়েকটি সংগঠনের সঙ্গে এক বৈঠকে ধর্মঘট আহ্বানকারীদের হুঁশিয়ার করেন মহিউদ্দিন।
তিনি বলেন, “যাত্রী সাধারণের দুর্ভোগ উপেক্ষা করে কতিপয় স্বার্থান্বেষী শ্রমিক নেতা ধর্মঘট আহ্বান করেছে। কিন্তু মালিক-শ্রমিকরা যে কোনো মূল্যে এ ধর্মঘট অগ্রাহ্য করে রাস্তায় বাস-ট্রাক চালু রাখতে আগ্রহী। যান চলাচলে যদি বাধা দেয়া হয় তাহলে তার জন্য কঠিন মূল্য দিতে হবে।
ফাইল ছবি
“চালকরা গাড়ি চালাতে আগ্রহী। শ্রমিকরাও কাজ করতে চায়। মালিক পক্ষও রাস্তায় গাড়ি নামাতে চায়। যারা ধর্মঘট আহ্বান করেছে তাদের আমি চিনি। যাত্রী সাধারণের দুর্ভোগ সৃষ্টিকারী এই ধর্মঘট আহ্বানকারীদের যে কোনো অশুভ চক্রান্ত রোধ করতে আমি তৎপর থাকব।”
গভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ মনসুর রহমান চৌধুরী, আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, বৃহত্তর চট্টগ্রাম ট্রাক কভার্ডভ্যান মালিক সমন্বয় পরিষদের সচিব জহুর আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাসান চৌধুরী।
